
বিনোদন ডেস্ক
মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে থাইল্যান্ডে অনুষ্ঠিত ‘মিস ইউনিভার্স ২০২৫’-এ অংশ নিয়েছিলেন তানজিয়া জামান মিথিলা। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি সেরা ৩০-এর মধ্যে জায়গা করে নেন এবং শেষ পর্যন্ত দ্বাদশ স্থান অর্জন করেন। এই সাফল্যের সুবাদে গেল বছরজুড়ে দেশজুড়ে বেশ আলোচনায় ছিলেন তিনি।
এবার সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করলেন মিথিলা নিজেই। সম্প্রতি তিনি জানিয়েছেন, খুব শিগগিরই সিনেমার নায়িকা হিসেবে তার অভিষেক হতে যাচ্ছে। প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়েছে এবং আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানান তিনি।
চলচ্চিত্রে অভিনয় নিয়ে নিজের পরিকল্পনা ও স্বপ্নের কথা মিথিলা জানান জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র দ্বিতীয় মৌসুমের দশম পর্বে। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় প্রচারিত এই পডকাস্টে তিনি বলেন, একজন অভিনেত্রী হিসেবে নিয়মিত কাজ করার ইচ্ছা রয়েছে তার।
মিথিলা আরও জানান, অভিনয়ে তার অভিজ্ঞতা একেবারে নতুন নয়। এর আগেও তিনি ‘রোহিঙ্গা’ নামের একটি সিনেমায় অভিনয় করেছিলেন, যা একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিত হয়েছিল।
পডকাস্টে নিজের সীমাবদ্ধতার কথাও অকপটে স্বীকার করেন এই সুন্দরী। মিথিলা বলেন, “অভিনেত্রী হিসেবে আমার অনেক ধরনের সীমাবদ্ধতা আছে। আমি এখনো নায়িকাদের মতো নাচতে পারি না। তবে একজন অভিনেত্রী হতে যা যা জানা দরকার, সবকিছুই জানতে চাই, শিখতে চাই।”
মডেলদের অভিনয় দক্ষতা নিয়ে প্রচলিত ধারণা নিয়েও কথা বলেন তিনি। মিথিলার ভাষায়, “অনেকে বলেন, মডেলরা অভিনয় পারেন না। কিন্তু যারা আজ সুপ্রতিষ্ঠিত অভিনেত্রী, তাদের মধ্যেও অনেকেই শুরুতে অভিনয় পারতেন না। সুপ্রতিষ্ঠিত হতে তাদের দীর্ঘ সময় পারি দিতে হয়েছে। মডেলরাও যদি লেগে থাকে, তাহলে ভালো অভিনয় করতে পারবে।”
পডকাস্টের আরেকটি গুরুত্বপূর্ণ অংশে মিথিলা কথা বলেন তার সাবেক ও বর্তমান প্রেম নিয়ে। সেখানে তিনি শেয়ার করেন নিজের জীবনের কিছু অজানা অধ্যায়, যা দর্শক-শ্রোতাদের আগ্রহ বাড়িয়েছে।
উল্লেখ্য, ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টটি প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC