
রাইজিং কুমিল্লা প্রতিবেদন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারা দেশে সব ধরনের যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করা হলেও এ সময় ঢাকায় মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করে ডিএমটিসিএলের পরিচালক একেএম খায়রুল আলম বলেন, নির্বাচনকে কেন্দ্র করে ঘোষিত সাধারণ ছুটির দিনগুলোয় ঢাকার যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এবং ভোট প্রয়োগ সহজ করতে স্বাভাবিক কর্মদিবসের মতোই মেট্রোরেল চলাচল করবে। এ ক্ষেত্রে কোনো ধরনের বিধিনিষেধ নেই।
তিনি আরও জানান, যেসব মেট্রোরেল স্টেশনের গেট ভোটকেন্দ্রের একেবারে পাশে অবস্থিত, নিরাপত্তাজনিত কারণে সেসব গেট সাময়িকভাবে বন্ধ রাখা হতে পারে। তবে স্টেশনগুলোর বাকি সব গেট খোলা থাকবে এবং যাত্রীসেবা অব্যাহত থাকবে।
নির্বাচনকালীন সময়ে ট্রেন চলাচল নির্বিঘ্ন রাখতে ডিএমটিসিএল ও সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে বলেও জানানো হয়।
এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারা দেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করে ২ ফেব্রুয়ারি একটি প্রজ্ঞাপন জারি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ১১ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত (একদিন) ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এছাড়া ১০ ফেব্রুয়ারি দিনগত মধ্যরাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত (টানা তিন দিন) সারা দেশে মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি দেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC