
রাইজিং কুমিল্লা প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের গণভোটকে সামনে রেখে কুমিল্লায় শুরু হয়েছে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’ বা সুপার ক্যারাভানের কার্যক্রম।
‘ভোটের চাবি আপনার হাতে’—এই স্লোগানকে সামনে রেখে জেলার বিভিন্ন এলাকায় ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে এ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে।
সোমবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় কুমিল্লা টাউন হল মাঠে সুপার ক্যারাভানের উদ্বোধন করা হয়। জেলা তথ্য অফিসের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে সুপার ক্যারাভানের শিল্পী-কুশলীদের পরিবেশনায় সংগীতের মাধ্যমে দর্শনার্থীদের স্বাগত জানানো হয়।
সুপার ক্যারাভানের প্রদর্শনীর উদ্বোধন করেন খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, “জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ আয়োজন। উৎসবমুখর পরিবেশে আপনারা ভোট দেবেন এবং একই দিনে গণভোটে অংশগ্রহণ করবেন।”
তিনি আরও বলেন, আমরা দীর্ঘদিন কোনো অংশগ্রহণমূলক নির্বাচন পাইনি। বিশেষ করে এখন যাদের বয়স ৩০-৩৫ তারা কিন্তু ভোটই দিতে পারেননি এমন অনেকেই আছেন। সেই পর্যায় থেকে এবার বন্ধ্যাত্বের অবসান হবে। এই বন্ধ্যাত্ব গোচানোর জন্য সরকার অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করছে। সরকারের পক্ষ থেকে আমরাও চাই গোটা দেশে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক। এই প্রজাতন্ত্রের মালিক জনগণ। এই জনগণের হাতেই সব ক্ষমতা। জনগণই সিদ্ধান্ত নেবে আগামী পাঁচ বছর কে দেশ চালাবে।
ভোটের গাড়িতে স্থাপিত এলইডি পর্দায় প্রদর্শিত নির্বাচনি ভিডিও ও দেশাত্মবোধক গান—‘আমারই দেশ সব মানুষের’, ‘তীরহারা ওই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে’, ‘রেললাইনের ঐ বস্তিতে জন্মেছিল একটি ছেলে’ ও ‘সব ক’টা জানালা খুলে দাও না’—দর্শকদের ব্যাপকভাবে আকৃষ্ট করে। প্রধান উপদেষ্টার নির্বাচনি বার্তা দিয়ে শুরু হওয়া পরিবেশনা ভোটের গুরুত্ব তুলে ধরে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী ও সাইফুল মালিক, কুমিল্লার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মো. হাবিবুর রহমান, জেলা সিভিল সার্জন ডা. আলী নূর মো. বশিরসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
আয়োজকরা জানান, সুপার ক্যারাভানের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC