
রাইজিং কুমিল্লা ডেস্ক

প্রবাসীদের সঙ্গে যোগাযোগ জোরদার, দেশে বিনিয়োগ ও সুযোগ অন্বেষণে সম্পৃক্ততা বাড়ানো এবং নাগরিক সেবা সহজ করার লক্ষ্যে ‘শুভেচ্ছা’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে যাতায়াতে স্বচ্ছতা নিশ্চিত ও অনিয়ম রোধে কেন্দ্রীয় অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম ‘দ্রুত টিকিট’-এরও যাত্রা শুরু হয়েছে।
মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে প্ল্যাটফর্ম দুটির বিস্তারিত উপস্থাপন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তাইয়্যেব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রধান উপদেষ্টার প্রেস উইং বুধবার সকালে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করে।
‘শুভেচ্ছা’ অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা একশটিরও বেশি সরকারি ও নাগরিক সেবা সহজে গ্রহণ করতে পারবেন। এর ফলে প্রবাসীদের সঙ্গে সরকারের যোগাযোগ আরও সুদৃঢ় হবে এবং দেশে বিনিয়োগ ও বিভিন্ন সুযোগ-সুবিধা অন্বেষণে তাদের সম্পৃক্ততা বাড়বে বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে ‘দ্রুত টিকিট’ প্ল্যাটফর্মের মাধ্যমে বাস, রেল ও বিমান টিকিট ক্রয়ে স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে ঈদসহ বিভিন্ন উৎসবের সময়ে টিকিট নিয়ে ভোগান্তি ও অনিয়ম কমাতেই এই কেন্দ্রীয় অনলাইন টিকিটিং ব্যবস্থা চালু করা হয়েছে।
প্ল্যাটফর্ম দুটি চালুর জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সরকারের সেবা যেন নাগরিকরা ঝামেলাহীনভাবে পান—সেটিই ছিল মূল লক্ষ্য। তিনি এ উদ্যোগকে একটি সূচনা হিসেবে উল্লেখ করে বলেন, ভবিষ্যতে এটিকে আরও বিস্তৃত পরিসরে নিয়ে যেতে হবে এবং অধিক সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, আগামী নির্বাচিত সরকারও এ উদ্যোগকে আরও এগিয়ে নেবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC