
নিজস্ব প্রতিবেদক
ভূমি-সংক্রান্ত প্রচার ও বিজ্ঞাপন ব্যয়ের জন্য ২০২৬-২৭ অর্থবছরে দেশের ৪৯ জেলার জেলা প্রশাসকদের অনুকূলে মোট ২ কোটি ৩৩ লাখ ৫২ হাজার ৩৭৪ টাকা বরাদ্দ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। এর মধ্যে কুমিল্লা জেলার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৩ লাখ ৯ হাজার ১৫৫ টাকা।
গত সোমবার (২১ সেপ্টেম্বর) ভূমি মন্ত্রণালয়ের বাজেট ও অডিট অধিশাখা থেকে এ-সংক্রান্ত সরকারি মঞ্জুরি আদেশ জারি করা হয়।
মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী, বরাদ্দের অর্থ ভূমি-সংক্রান্ত প্রচার ও বিজ্ঞাপন ব্যয়ে ব্যবহার করা যাবে। পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের বকেয়া প্রচার ও বিজ্ঞাপন বিলও এ অর্থ থেকে পরিশোধের সুযোগ রাখা হয়েছে।
বরাদ্দের হিসাবে সবচেয়ে বেশি ৩৩ লাখ ৪৫ হাজার ১১০ টাকা পেয়েছে নেত্রকোণা জেলা। এরপর ফেনীতে ১৪ লাখ ৬০ হাজার ১৭ টাকা, রংপুরে ১০ লাখ ৩৫ হাজার ৯৭৬ টাকা, টাঙ্গাইলে ১০ লাখ ৮২ হাজার ৩১৫ টাকা, রাজবাড়ীতে ৯ লাখ ৪৮ হাজার ৩৮০ টাকা এবং নওগাঁয় ৮ লাখ ৭২ হাজার ৬৭৬ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
চট্টগ্রাম বিভাগের মধ্যে কুমিল্লা ছাড়াও চট্টগ্রামে ২ লাখ ৮৭ হাজার ৪০ টাকা, কক্সবাজারে ২ লাখ ২০ হাজার ৯৯৫ টাকা, চাঁদপুরে ২ লাখ ২২ হাজার ৮৯৬ টাকা, ব্রাহ্মণবাড়িয়ায় ৪ লাখ ৪৫ হাজার ৬৪৭ টাকা, নোয়াখালীতে ৫ লাখ ৩৮ হাজার ৫১২ টাকা, ফেনীতে ১৪ লাখ ৬০ হাজার ১৭ টাকা, লক্ষ্মীপুরে ২ লাখ ৪০ হাজার ৮১০ টাকা, খাগড়াছড়িতে ১ লাখ ৩৫ হাজার ৪৭০ টাকা, রাঙামাটিতে ৫৮ হাজার ৬৪০ টাকা এবং বান্দরবানে ১ লাখ ৬৬ হাজার ৭৭৭ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
ঢাকা জেলায় বরাদ্দ দেওয়া হয়েছে ৯৬ হাজার ৮২০ টাকা। এছাড়া মুন্সিগঞ্জে ৪ লাখ ৮৬ হাজার ৮৮৭ টাকা, মানিকগঞ্জে ৪ লাখ ২৯ হাজার ৫২ টাকা, গাজীপুরে ৭৩ হাজার ৫০০ টাকা, নরসিংদীতে ৪ লাখ ৫৩ হাজার ৮৫৮ টাকা, ফরিদপুরে ৩ লাখ ৯১ হাজার ৩৪৫ টাকা, গোপালগঞ্জে ৭৬ হাজার ৮৪ টাকা, মাদারীপুরে ৪৬ হাজার ৪৬০ টাকা, শরীয়তপুরের ৮৬ হাজার ৮৪৮ টাকা ও টাঙ্গাইলে ১০ লাখ ৮২ হাজার ৩১৫ টাকা দেওয়া হয়েছে।
রাজশাহী বিভাগের মধ্যে নওগাঁয় ৮ লাখ ৭২ হাজার ৬৭৬ টাকা, চাঁপাইনবাবগঞ্জে ১ লাখ ২৪ হাজার ৪৭৯ টাকা, নাটোরে ৩ লাখ ১৫ হাজার ২৪৮ টাকা, বগুড়ায় ৩ লাখ ৫৪ হাজার ৭৬৮ টাকা, জয়পুরহাটে ২৬ হাজার ৪০০ টাকা, পাবনায় ৭ লাখ ৯৮ হাজার ১৪ টাকা ও সিরাজগঞ্জে ৬ লাখ ৬০ হাজার ৮৯২ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
রংপুর বিভাগের জেলাগুলোর মধ্যে রংপুরে ১০ লাখ ৩৫ হাজার ৯৭৬ টাকা, কুড়িগ্রামে ৩ লাখ ৫৪ হাজার ৮৫ টাকা, গাইবান্ধায় ৭ লাখ ৩ হাজার ২২ টাকা, দিনাজপুরে ৭ লাখ ৯৩ হাজার ৬৬৫ টাকা, পঞ্চগড়ে ৫ লাখ ৩৯ হাজার ৩৩৩ টাকা, লালমনিরহাটে ১ লাখ ৪৯ হাজার ৪০ টাকা ও ঠাকুরগাঁওয়ে ৬ লাখ ৭ হাজার ৫৫১ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
খুলনা বিভাগের জেলাগুলোর মধ্যে খুলনায় ৬ লাখ ৫৬ হাজার ৬৩৬ টাকা, বাগেরহাটে ৩ লাখ ৬৪ হাজার ৪৬৩ টাকা, সাতক্ষীরায় ৪ লাখ ৪৪ হাজার ৯২০ টাকা, মাগুরায় ২ লাখ ৬৪ হাজার ৪৩৬ টাকা, কুষ্টিয়ায় ৪ লাখ ৮৩ হাজার ৬০৪ টাকা, নড়াইলে ২ লাখ ২২ হাজার ৯০০ টাকা, চুয়াডাঙ্গায় ৯৩ হাজার ৪৯৫ টাকা, মেহেরপুরে ১ লাখ ৩৮ হাজার ২০০ টাকা ও যশোরে ২ লাখ ৮৪ হাজার ৩২২ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
আদেশে বলা হয়েছে, বরাদ্দকৃত অর্থ ব্যয়ের ক্ষেত্রে ‘সরকারি ক্রয় আইন, ২০০৬’, ‘সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫’ এবং প্রচলিত সব আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত বকেয়া পরিশোধের জন্য এই বরাদ্দ দেওয়া হয়েছে। ফলে পরবর্তী সময়ে কোনো বকেয়া বিল দাবি করা যাবে না। বরাদ্দের অর্থ ব্যয়ে কোনো অনিয়ম হলে সংশ্লিষ্ট আয়ন-ব্যয়নকারী কর্মকর্তা দায়ী থাকবেন।
এ ছাড়া বরাদ্দের কোনো অর্থ অব্যয়িত থাকলে আগামী ৩০ জুনের মধ্যে তা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC