
রাইজিং কুমিল্লা ডেস্ক
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) চলতি বছরে প্রবেশ ও আবাসনসংক্রান্ত ভিসা নীতিতে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। অন-অ্যারাইভাল ভিসা সুবিধা সম্প্রসারণ, মাত্র ৪৮ ঘণ্টায় পর্যটক ভিসা অনুমোদন, বিনিয়োগকারীদের আবাসিক ভিসার নতুন নিয়ম, স্মার্ট মেডিকেল ভিসা চালুসহ বেশ কয়েকটি নতুন সিদ্ধান্ত কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ।
শনিবার (৪ জুলাই) খালিজ টাইমস-এর এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
ছয় দেশের নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা
আমিরাতের ফেডারেল অথরিটি অন-অ্যারাইভাল ভিসা সুবিধা আরও সম্প্রসারণ করেছে। এর ফলে ১৪ দিন ও ৬০ দিনের ভিসা ক্যাটাগরিতে আরও বেশি বিদেশি নাগরিক সহজে দেশটিতে প্রবেশ করতে পারবেন।
এর আগে এ সুবিধা নির্দিষ্ট শর্ত পূরণকারী ভারতীয় নাগরিকদের জন্য সীমাবদ্ধ ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, কেনিয়া ও দক্ষিণ আফ্রিকার নাগরিকরাও এ সুবিধা পাবেন।
৪৮ ঘণ্টার মধ্যে পর্যটক ভিসা
দুবাই ভ্রমণ আরও সহজ করতে অনুমোদিত ট্রাভেল ও ট্যুরিজম এজেন্সির মাধ্যমে আবেদনকারীদের জন্য একবার প্রবেশযোগ্য (সিঙ্গেল-এন্ট্রি) পর্যটক ভিসা মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে অনুমোদনের ব্যবস্থা চালু করা হয়েছে।
এই সুবিধার আওতায় ৩০ থেকে ৬০ দিনের মেয়াদের পর্যটক ভিসা দ্রুত অনুমোদন দেওয়া হবে।
বিনিয়োগকারীদের আবাসিক ভিসায় নতুন নিয়ম
দুবাই কর্তৃপক্ষ সম্পত্তির ভিত্তিতে দেওয়া দুই বছরের আবাসিক ভিসার শর্তেও পরিবর্তন এনেছে।
নতুন নিয়ম অনুযায়ী, একক মালিকানার ক্ষেত্রে আগে নির্ধারিত ন্যূনতম ৭ লাখ ৫০ হাজার দিরহাম মূল্যের সম্পত্তি থাকার বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে। তবে আবেদনকারীকে অবশ্যই সম্পত্তিটির একক মালিক হতে হবে।
অন্যদিকে, যৌথ মালিকানার ক্ষেত্রে প্রত্যেক বিনিয়োগকারীর অংশের মূল্য কমপক্ষে ৪ লাখ দিরহাম হতে হবে। মালিকানা সমানভাবে ভাগ হলেও এ শর্ত প্রযোজ্য থাকবে।
অতিরিক্ত অবস্থানকারীদের জরিমানায় সাময়িক ছাড়
আঞ্চলিক আকাশসীমা বন্ধ ও বিমান চলাচলে বিঘ্নের কারণে নির্ধারিত সময়ের বেশি অবস্থান করা দর্শনার্থীদের জন্য জরিমানা ছাড়া অতিরিক্ত ৩০ দিন থাকার সুযোগ দিয়েছে ইউএই।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষ পরিস্থিতির অবসান হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিদের আগামী ৯ জুলাইয়ের মধ্যে ভিসার অবস্থা নিয়মিত করতে হবে অথবা দেশ ত্যাগ করতে হবে।
চালু হচ্ছে স্মার্ট মেডিকেল ভিসা
চিকিৎসার উদ্দেশ্যে আমিরাতে যাওয়া বিদেশি নাগরিকদের জন্য ‘স্মার্ট মেডিকেল ভিসা’ চালুর উদ্যোগ নিয়েছে দেশটি।
এ লক্ষ্যে জেনারেল ডিরেক্টরেট অব আইডেন্টিটি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স-দুবাই এবং দুবাই হেলথ অথরিটি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
নতুন এই ব্যবস্থার মাধ্যমে চিকিৎসাপ্রার্থীদের ভিসা, আবাসন ও স্বাস্থ্যসেবাকে একটি সমন্বিত প্ল্যাটফর্মের আওতায় আনা হবে। রোগীর আমিরাতে যাত্রার প্রস্তুতি থেকে চিকিৎসা ও পরবর্তী ফলো-আপ পর্যন্ত পুরো প্রক্রিয়া আরও সহজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিন দেশের নাগরিকদের নতুন ভিসা সাময়িক স্থগিত
ইবোলা ভাইরাসের বিস্তার রোধে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, উগান্ডা ও দক্ষিণ সুদানের নাগরিকদের জন্য নতুন ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত করেছে ইউএই।
ন্যাশনাল ইমার্জেন্সি, ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার্স ম্যানেজমেন্ট অথরিটি (এনসিইএমএ) এবং আইসিপি যৌথভাবে এ সিদ্ধান্ত ঘোষণা করেছে।
গত ৬ জুন থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। স্বাস্থ্য পরিস্থিতির উন্নতি বা অবনতির ভিত্তিতে এর মেয়াদ বাড়ানো হতে পারে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC