
রাইজিং কুমিল্লা ডেস্ক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার জন্য দুইটি বাস দেওয়ার আশ্বাস দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন। তিনি বলেন, সরকারি বরাদ্দের মাধ্যমে বাস দেওয়ার চেষ্টা করা হবে। তা সম্ভব না হলে মরহুম এ কে এম আবু তাহের ফাউন্ডেশন থেকে একটি বাস দেওয়া হবে।
শুক্রবার (১৫ মে) সকাল ১১টায় কলেজের জিয়া অডিটোরিয়ামে আয়োজিত বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “ইনশাআল্লাহ এই বছরের মধ্যেই আমরা চেষ্টা করবো কলেজটি যেন দুইটি বাস পায়। যদি সরকারি প্রক্রিয়ায় সম্ভব না হয়, তাহলে আমার বাবার নামে প্রতিষ্ঠিত মরহুম এ কে এম আবু তাহের ফাউন্ডেশন থেকে অন্তত একটি বাস দেওয়া হবে।”
তিনি আরও বলেন, “গত ১৫ বছরে যে উন্নয়ন হয়নি, আমাদের সরকারের সময়ে সর্বোচ্চ উন্নয়ন নিশ্চিত করার চেষ্টা করা হবে।”
শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরে দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান আমিরসহ আরও অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল বারী ভূঞা।
কলেজ সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহ দিতে প্রতিবছরের মতো এবারও এ আয়োজন করা হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC