
গত সপ্তাহে কলকাতা, হায়দরাবাদ, মুম্বাই ও দিল্লি সফরে ব্যস্ত সময় কাটিয়েছেন ইন্টার মায়ামির মহাতারকারা লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও রদ্রিগো দি পল। এই সফরটি ছিল পুরোপুরি বাণিজ্যিক উদ্দেশ্যে আয়োজিত।
ভারতের বিশেষ তদন্ত দল (এসআইটি) জানিয়েছে, এই সফরের জন্য লিওনেল মেসি একাই পেয়েছেন ৮৯ কোটি রুপি। পুরো সফরের মোট ব্যয় ছিল প্রায় ১০০ কোটি রুপি। বার্তা সংস্থা পিটিআই এসব তথ্য নিশ্চিত করেছে।
কলকাতার ঘটনায় আটক প্রধান আয়োজক শতদ্রু দত্তকে জিজ্ঞাসাবাদ করে এসব তথ্য জানতে পারে এসআইটি। জিজ্ঞাসাবাদে শতদ্রু দত্ত জানান, মেসিকে ৮৯ কোটি রুপি দেওয়ার পাশাপাশি ভারত সরকারকে কর হিসেবে ১১ কোটি রুপি পরিশোধ করা হয়েছে।
এই বিপুল অর্থের উৎস সম্পর্কে শতদ্রুর দাবি, মোট অর্থের ৩০ শতাংশ এসেছে স্পনসরদের কাছ থেকে এবং আরও ৩০ শতাংশ এসেছে টিকিট বিক্রির মাধ্যমে। বাকি অর্থের উৎস নিয়েও তদন্ত চলছে।
এদিকে তদন্তের অংশ হিসেবে এসআইটি কর্মকর্তারা শতদ্রু দত্তের একটি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেন। সেখানে ২০ কোটির বেশি রুপি পাওয়া গেছে।
শতদ্রুর দাবি, এই অর্থ কলকাতা ও হায়দরাবাদের ইভেন্টের টিকিট বিক্রি এবং স্পনসরদের কাছ থেকে পাওয়া। তবে এসআইটি কর্মকর্তারা এই দাবির সত্যতা যাচাই করছেন।










