
ভারত ও বাংলাদেশের রাজনৈতিক উত্তাপের প্রভাব এবার দেখা গেল ক্রিকেট মাঠেও। যুব বিশ্বকাপের মঞ্চে টসের সময় দুই দলের ক্রিকেটারদের মধ্যে করমর্দন না হওয়াকে কেন্দ্র করে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক।
শনিবার (১৭ জানুয়ারি) জিম্বাবুয়ের বুলাওয়েতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ সময় বেলা দেড়টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও তার আগেই টসের সময় সৃষ্টি হয় অস্বস্তিকর পরিস্থিতি।
বাংলাদেশ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম প্রস্তুত না থাকায় টস করতে যান সহ-অধিনায়ক জাওয়াদ আবরার। ভারতের পক্ষে টস করতে আসেন অধিনায়ক আয়ুশ মাত্রে। ম্যাচ রেফারি ডিন কস্কারের নির্দেশে আয়ুশ কয়েন ছুড়ে টস করান। আবরার ‘টেল’ ডাকেন এবং বাংলাদেশ টসে জয় পায়।
তবে টস শেষ হওয়ার পরই বিতর্কের সূত্রপাত ঘটে। ভারতের অধিনায়ক আয়ুশ মাত্রে বাংলাদেশ দলের সহ-অধিনায়ক জাওয়াদ আবরারের সঙ্গে করমর্দন না করেই সরে যান। একই সময় আবরারও করমর্দনের কোনো উদ্যোগ নেননি। এই দৃশ্য দ্রুতই মাঠে উপস্থিত দর্শক ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়।
অনেকে ঘটনাটিকে সাম্প্রতিক ভারত-পাকিস্তান ক্রিকেটে সৌজন্যবর্জনের ঘটনার সঙ্গে তুলনা করছেন। এর আগে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব করমর্দন না করার সিদ্ধান্ত নেন। পরে ছোটদের ও নারী ক্রিকেটেও একই ধরনের দৃশ্য দেখা যায়।
তখন পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার প্রতিবাদ হিসেবে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে সৌজন্য এড়িয়ে চলার অবস্থান নেয় ভারতীয় শিবির। সেই প্রেক্ষাপটের সঙ্গে যুব বিশ্বকাপের এই ঘটনাও মিলিয়ে দেখছেন অনেক বিশ্লেষক।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ভারত-বাংলাদেশ রাজনৈতিক সম্পর্কের অবনতির প্রভাবও এই ঘটনার পেছনে থাকতে পারে। বিশেষ করে আসন্ন আইপিএলে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে না নেওয়া এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে দল না পাঠানোর বিষয়ে বাংলাদেশের অবস্থান—এই বিষয়গুলো দুই দেশের ক্রিকেট সম্পর্ককে আরও জটিল করে তুলেছে।
এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মধ্যেও টানাপোড়েন চলছে বলে জানা গেছে।
এই প্রেক্ষাপটে যুব বিশ্বকাপে ভারত-বাংলাদেশ ম্যাচটি নিয়ে শুরু থেকেই বাড়তি আগ্রহ ছিল ক্রিকেটপ্রেমীদের। টসের সময় করমর্দন না হওয়ার ঘটনাকে অনেকেই দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে কঠোর অবস্থানের প্রতিফলন হিসেবেই দেখছেন।










