
রাইজিং স্পোর্টস

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অনিচ্ছুক বাংলাদেশ। এই সংকট সমাধানে ঢাকায় অবস্থান করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতিনিধি দল। ঠিক এই সময়েই নতুন করে উত্তাপ ছড়িয়েছে পাকিস্তানের এক ঘোষণায়। বাংলাদেশে দাবি মানা না হলে বিশ্বকাপের ম্যাচ বয়কটের হুমকি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
রোববার (১৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম জিও নিউজ।
প্রতিবেদনে বলা হয়, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার পেছনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যে কারণগুলো তুলে ধরেছে, সেগুলোকে বৈধ ও যুক্তিসংগত মনে করছে ইসলামাবাদ। শেষ পর্যন্ত এই ইস্যুতে আইসিসি যদি কোনো গ্রহণযোগ্য সমাধান দিতে ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশের পক্ষেই অবস্থান নেবে পাকিস্তান।
এমনকি পরিস্থিতি অপরিবর্তিত থাকলে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্তও পুনর্বিবেচনা করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাশাপাশি, ভারত যেন এই ইস্যুতে বাংলাদেশকে কোনো ধরনের চাপ প্রয়োগ করতে না পারে, সে বিষয়েও নজর রাখবে পাকিস্তান।
পিসিবির ভাষ্য অনুযায়ী, ভারতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান পুরোপুরি যৌক্তিক। এই ক্ষেত্রে কোনো দলকেই জোর করে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যায় না। পাকিস্তান স্পষ্টভাবে জানিয়েছে, তারা বাংলাদেশকে সম্পূর্ণ সমর্থন করছে। বাংলাদেশের সমস্যার সমাধান না হলে পাকিস্তানও নিজেদের অংশগ্রহণ নিয়ে নতুন করে ভাববে।
প্রসঙ্গত, নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যেতে রাজি নয় বাংলাদেশ। নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের জন্য আইসিসির কাছে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে বিসিবি। তবে এখনো পর্যন্ত এ বিষয়ে আইসিসির চূড়ান্ত অনুমোদন মেলেনি।
উল্টো, বাংলাদেশকে ভারতে গিয়ে খেলতে রাজি করাতে তৎপরতা চালাচ্ছে আইসিসি। সেই ধারাবাহিকতায় শনিবার ঢাকায় প্রতিনিধি দলও পাঠানো হয়। তবে বিসিবি কর্তাদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।
এদিকে, বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে অনড় থাকতে পাকিস্তানের সমর্থন চেয়েছে বাংলাদেশ। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পূর্ণ সমর্থন দিতে প্রস্তুত পাকিস্তান—এমন বার্তাই স্পষ্ট করে দিয়েছে পিসিবি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC