
নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর, লুটপাট এবং হামলার ঘটনায় জড়িতদের কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, অপরাধের সঙ্গে যারাই জড়িত থাকুক, তাদের অপরাধী হিসেবেই গণ্য করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে গণতন্ত্র ও বাকস্বাধীনতা থাকায় যে কেউ সরকারের উদ্দেশে নানা কথা বলতে পারেন। তবে অভিযোগের বিষয়ে ভুক্তভোগী কোনো মামলা করেছেন কি না, সেটিও তদন্তের বিষয়।
সালাহউদ্দিন আহমদ বলেন, সালমান মুক্তাদির একপর্যায়ে বলেছেন, তার কাছে কেউ চাঁদা দাবি করেনি; বরং দাবি করলে তিনি চাঁদা দিতেন। আবার বিএনপির বিরুদ্ধে চাঁদা চাওয়ার অভিযোগও করেছেন। এ ধরনের অভিযোগকে তিনি ঢালাও অভিযোগ হিসেবে উল্লেখ করেন। নির্দিষ্টভাবে মামলা করা হলে বিষয়টি তদন্ত করে দেখা হবে বলেও জানান তিনি।
ঘটনার প্রাথমিক তদন্তের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সালমান মুক্তাদির ওই ঘটনায় ভুক্তভোগী হয়েছেন, সেটি তারা দেখেছেন। তবে মানিকদী নামাপাড়ায় ক্যান্টনমেন্ট থানার আওতাধীন ৩৫ কাঠা জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ রয়েছে।
তিনি জানান, ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, রাজধানীর মিরপুরের রাড্ডা ক্লিনিকে ভাঙচুরের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ২৫ সেপ্টেম্বর মধ্যরাতে ঘটে যাওয়া ওই ঘটনায় পুলিশের অবহেলার অভিযোগ তদন্ত করা হয়েছে। অবহেলার প্রমাণ পাওয়ায় শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, রাড্ডা ক্লিনিকে ভাঙচুরের ঘটনায় ইতোমধ্যে নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং লুট হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।
রাজনৈতিক পরিচয় নির্বিশেষে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, দুষ্কৃতকারী বা দুর্বৃত্তদের রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, সেটি বিবেচনায় নেওয়া হবে না। অপরাধের সঙ্গে জড়িত প্রত্যেককে অপরাধী হিসেবেই গণ্য করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হলে ভবিষ্যতে এ ধরনের ভাঙচুর, লুটপাট ও নৈরাজ্যকর কর্মকাণ্ডের পুনরাবৃত্তি হবে না বলেও আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC