
নিজস্ব প্রতিবেদক

টানা তৃতীয় দফায় দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৮ হাজার ১১৭ টাকা, যা দেশের ইতিহাসে এক ভরি স্বর্ণের সর্বোচ্চ দাম।
বাজুস জানিয়েছে, সোমবার (২২ ডিসেম্বর) থেকে নতুন এই দাম কার্যকর হবে।
রোববার (২১ ডিসেম্বর) রাতে বাজুসের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বৃদ্ধির বিষয়টি জানানো হয়।
নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১৮ হাজার ১১৭ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৮ হাজার ২০২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৪৮ হাজার ৫৯৯ টাকা।
এর আগে গত ১৫ ডিসেম্বর দেশের বাজারে টানা দ্বিতীয় দফায় স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। ওইদিন ১ হাজার ৪৭০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৭ হাজার ৬৭ টাকা নির্ধারণ করেছিল বাজুস।
সবমিলিয়ে চলতি বছর এখন পর্যন্ত মোট ৮৭ বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস। যেখানে ৬০ বারই দাম বাড়ানো হয়েছে, আর দাম কমেছে মাত্র ২৭ বার।
অন্যদিকে গত বছর দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল। এছাড়া গত বছরে ২৭ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC