
নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত দিয়ে চোরাই পথে ভারত থেকে বাংলাদেশে আনার সময় বিপুল পরিমাণ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
অভিযানে পাঁচ হাজার ৭৬০ পিস ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়েছে। জব্দ করা এসব ডিসপ্লের আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৬০ লাখ ৮০ হাজার টাকা।
শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে বিজয়নগর উপজেলার কামালমোড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করেন বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তুলে ধরেন ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুকুন্দপুর সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যদের একটি দল সীমান্ত পিলার ২০০৭/৭-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামালমোড়া এলাকায় অবস্থান নেয়। এ সময় ১৫ থেকে ২০ জনের একটি দল মাথায় কার্টন নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে।
বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন। একপর্যায়ে কার্টনগুলো ফেলে পালিয়ে যায় ওই ব্যক্তিরা। পরে ফেলে যাওয়া কার্টনগুলো তল্লাশি করে পাঁচ হাজার ৭৬০ পিস ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ আরও জানান, জব্দ করা ডিসপ্লেগুলোর আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৬০ লাখ ৮০ হাজার টাকা। উদ্ধার করা মালামাল আখাউড়া স্থল শুল্ক স্টেশনে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC