
রাইজিং কুমিল্লা প্রতিবেদক
জনদুর্ভোগ ও সড়ক দুর্ঘটনা কমাতে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড থেকে কুমিল্লার ময়নামতি পর্যন্ত চার লেনের উন্নয়নকাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছেন দাওয়াতে ঈমানী বাংলাদেশের চেয়ারম্যান মুফতী গিয়াস উদ্দিন তাহেরী।
সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, প্রতিদিনের জনদুর্ভোগ ও সড়ক দুর্ঘটনায় প্রাণহানি এড়াতে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড থেকে কুমিল্লার ময়নামতি পর্যন্ত সড়কটি চার লেনে উন্নীত করার কাজ দ্রুত শেষ করা অত্যন্ত জরুরি।
মুফতী গিয়াস উদ্দিন তাহেরী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সড়কটির উন্নয়নকাজ চললেও কাজের গতি অত্যন্ত ধীর। এ পর্যন্ত যতটুকু কাজ শুরু হয়েছে, তারও খুব সামান্য অংশ দৃশ্যমান হয়েছে। এতে সড়কে চলাচলকারী সাধারণ মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাশাপাশি যানজট ও দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।
তিনি বলেন, গুরুত্বপূর্ণ এই মহাসড়কটি দেশের পূর্বাঞ্চলের সঙ্গে রাজধানীসহ বিভিন্ন অঞ্চলের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। তাই জনস্বার্থে প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেওয়া প্রয়োজন।
কাজের ধীরগতির কারণে মানুষের ভোগান্তি যেন আরও দীর্ঘায়িত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
মুফতী গিয়াস উদ্দিন তাহেরী বলেন, “প্রতিদিনের জনদুর্ভোগ ও সড়ক দুর্ঘটনায় লাশের মিছিল এড়াতে দ্রুততার সঙ্গে সড়কের চার লেনের কাজ সম্পন্ন করা অতীব জরুরি।”
তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড থেকে কুমিল্লার ময়নামতি পর্যন্ত সড়কের চার লেনের কাজ সম্পন্ন করার অনুরোধ জানান।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC