
রাইজিং কুমিল্লা প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৬০ লাখ ১৬ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে মাদকসহ তিন চোরাকারবারিকে আটক করা হয়েছে।
রবিবার (২ আগস্ট) বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধীনস্থ টহল দল এই আভিযানিক কার্যক্রম পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, কসবা, চণ্ডীদার, কর্নেলবাজার ও মাদলা বিওপি এবং কুমিল্লার বুড়িচং, ব্রাহ্মণপাড়া ও আদর্শ সদর উপজেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় বাসমতি চাল, গরু, রেড বুল এনার্জি ড্রিংকস, নোনা ইলিশ, শাড়ি, কসমোটিকস পণ্য, মোবাইল ফোন, আতশবাজি, ইস্কাপ সিরাপ, মদ, গাঁজা এবং চোরাচালানে ব্যবহৃত ইজিবাইক ও বাইসাইকেল উদ্ধার করা হয়।
অভিযানকালে কর্নেলবাজার ও চণ্ডীদার বিওপির সদস্যরা মাদকসহ ৩ জনকে আটক করেন। পরে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আখাউড়া ও কসবা থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান রোধ, অনুপ্রবেশ প্রতিরোধ এবং মাদক পাচার বন্ধে বিজিবির এই কঠোর নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC