
রাইজিং কুমিল্লা ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে কাঁটাতারের বেড়ার পাশে এক কিশোরের লাশ পড়ে থাকার খবর পাওয়া গেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি জানতে পারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সীমান্তের এমন একটি স্থানে লাশটি পড়ে রয়েছে, যেখান থেকে তা উদ্ধারে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সমন্বয়ের চেষ্টা চলছে।
এদিকে আখাউড়া উপজেলার আব্দুল্লাহপুর পূর্বপাড়ার বাসিন্দা মালু মিয়া (৪০) দাবি করেছেন, তার ছেলে শাকিল (১৪) গত বুধবার রাত থেকে নিখোঁজ। সীমান্তের কাঁটাতারের পাশে পড়ে থাকা লাশটি তার ছেলে শাকিলের হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
বিজিবির ফকিরমুড়া ক্যাম্প কমান্ডার নিরাময় চাকমা বলেন, ‘আমরাও খবর পেয়েছি সীমান্তের কাঁটাতারের পাশে একটি লাশ পড়ে আছে। তবে রাত হওয়ায় লাশ শনাক্ত ও উদ্ধারে বিজিবি বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছে।’
স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ-ভারত সীমান্তের আখাউড়া-ত্রিপুরা অংশের ২০২২-৯এস সীমান্ত পিলারের কাছে কাঁটাতারের বেড়ার পাশে লাশটি পড়ে থাকতে দেখে বিষয়টি বিএসএফের নজরে আসে। পরে লাশ উদ্ধারের বিষয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে বৈঠকের চেষ্টা চলছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, লাশটি কীভাবে সেখানে পৌঁছেছে এবং কিশোরটির মৃত্যুর কারণ কী—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
তিনি জানান, এ বিষয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC