
আতিকুল ইসলাম, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাহবুবর রহমান নামে এক ব্যবসায়ীকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা সাজিয়ে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেফতারের অভিযোগ তোলে দ্রুত তার মুক্তির দাবি জানিয়েছে ক্ষুব্ধ জনতা ও রাজনৈতিক নেতারা।
রোববার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার অরুয়াইল বাজারে ‘অরুয়াইল ইউনিয়নবাসীর’ ব্যানারে এ কর্মসূচিতে অংশ নেন স্থানীয় বাজারের ব্যবসায়ী, বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামি আন্দোলন ও খেলাফত মজলিসের নেতারা।
মাহবুবুরের স্বজনদের দাবি, ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে সরাইল উপজেলার কুট্টাপাড়া এলাকায় সংগঠিত সহিংসতা ও হত্যাকাণ্ডের মামলায় গত ২১ সেপ্টেম্বর গ্রেফতার হন মাহবুবুর। যদিও ওই মামলায় তিনি এজহারভুক্ত নন। মূলত মাহবুব একটি চক্রের মামলা বাণিজ্যের শিকার হয়েছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন- ইসলামি আন্দোলনে সরাইল উপজেলার শাখার সভাপতি সাইফুল ইসলাম, অরুয়াইল ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক সানাউল্লাহ ভূঁইয়া, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মো. শফিক এবং গ্রেফতার মাহবুবুর রহমানের বড়ভাই হাবিবুর রহমান প্রমুখ।
এসময় বক্তারা জানান, মাহবুব নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা কমিটিতে আছে উল্লেখ করে তাকে একটি চক্র গ্রেফতার করিয়েছে। কিন্তু ওই তালিকাটি ভুয়া। ছাত্রলীগের কমিটির আসল কাগজটি ঘষামাজা করে মাহবুবের নাম বসিয়ে ছড়ানো হয়েছে। পলাতক থাকা নিষিদ্ধ ছাত্রলীগের নেতারাও ফেসবুক স্ট্যাটাস দিয়ে ভুয়া কমিটি বলে নিশ্চিত করেছেন। তার পরিবারের কেউ রাজনীতির সঙ্গে জড়িত নয়। এছাড়াও গত ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর সরাইল থানায় হওয়া ওই মামলার এজহারেও মাহবুবের নাম নেই। শত্রুতাবশত ভুল তথ্য দিয়ে তাকে গ্রেফতার করানো হয়েছে। দ্রুত তার মুক্তির দাবি জানান বক্তারা। পরে মানববন্ধন শেষে বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে জানতে চাইলে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, মামলার তদন্ত চলছে। তদন্ত শেষে এ বিষয়ে বলা যাবে। তদন্তাধীন অবস্থায় কে জড়িত, কে জড়িত না- এ ধরনের কথা বলা শোভা পায় না।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC