
নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। মাঠ প্রশাসনের এই পদে রদবদলের অংশ হিসেবে শারমিন আক্তার জাহান-কে ব্রাহ্মণবাড়িয়ার প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার (৯ নভেম্বর) রাতে রাষ্ট্রপতি আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে তাকে নড়াইল জেলার জেলা প্রশাসক পদ থেকে বদলি করে ব্রাহ্মণবাড়িয়ায় পদায়ন করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৮৪ সালে ১৫ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলা গঠিত হয়। জেলা হিসেবে স্বীকৃতি পাওয়ার পর সেই ফেব্রুয়ারি মাসেই অল্প সময়ের মধ্যেই প্রথম জেলা প্রশাসক (ডিসি) হিসেবে যোগদান করেছিলেন মো. আনোয়ার হোসেন। তিনি ছিলেন নবগঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রথম জেলা প্রশাসক (ডিসি)।
সেই ১৯৮৪ সাল থেকে ২০২৫ সালের ৯ নভেম্বর দীর্ঘ ৩ যুগ অতিবাহিত হওয়ার পর এবারই প্রথম কোনো নারী এই পদে দায়িত্ব নিতে যাচ্ছেন।
শারমিন আক্তার জাহান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি নড়াইল জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। নড়াইল জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়ে প্রশংসা অর্জন করেন। বিশেষ করে নারী শিক্ষার প্রসার, নারী উদ্যোক্তা উন্নয়ন এবং প্রশাসনে সেবার মানোন্নয়নে তিনি সক্রিয় ভূমিকা রাখেন।
স্থানীয় প্রশাসন ও নাগরিক সমাজ মনে করছে, তার নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে।
এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেক প্রজ্ঞাপনে বর্তমান ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলমকে বদলির আদেশ জারি করা হয়েছে। তাকে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের উপ-সচিব হিসেবে পদায়ন করা হয়েছ৷ খুব শিগগিরই মিজ্ শারমিন আক্তার জাহান দায়িত্ব গ্রহণ করবেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC