
তোফাজ্জল মিয়া, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চেইন চুরির সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলার চাতলপাড় ইউনিয়নের ফেদিয়ারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শাহীন ভূইয়া (২২) চাতলপাড় ইউনিয়নের ফেদিয়ারকান্দি গ্রামের আক্তার ভূইয়ার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের হুমায়ুন মিয়ার আট বছর বয়সী মেয়ে জান্নাত বেগমের গলার চেইন চুরির সন্দেহে শাহীনকে আটক করা হয়।
অভিযোগ রয়েছে, জান্নাত বেগমের চাচা লোকমান ভাতিজির চেইন চুরির অভিযোগ তুলে শাহীন ভূইয়াকে মারধর করেন। একপর্যায়ে গুরুতর আহত হলে তাকে বাড়ির পাশের রাস্তায় ফেলে রেখে যান অভিযুক্তরা, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে সরাইল হাসপাতাল মোড়ে শাহীন ভূইয়ার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে চাতলপাড় পুলিশ ফাঁড়ির মাধ্যমে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC