
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় নতুন একটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপনের প্রস্তাব গ্রহণ করেছে বেপজা। কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের আওতাধীন তিনলাখপীর এলাকায় এই ইপিজেড স্থাপনের প্রস্তাব করা হয়েছে।
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)-এর নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন স্বাক্ষরিত একটি চিঠি থেকে রোববার (২৯ মার্চ) এ তথ্য জানা গেছে।
এ সংক্রান্ত একটি চিঠি জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়ার কাছে পাঠানো হয়েছে। কবীর আহমেদ ভূঁইয়া চিঠিটি সাংবাদিকদের দেখিয়েছেন। ওই চিঠিতে এ বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয়েছে।
এর আগে, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যানের কাছে গত ২৪ মার্চ একটি চিঠি দেন কবীর আহমেদ ভূঁইয়া।
ওই চিঠিতে তিনি উল্লেখ করেন, ‘ব্রাহ্মণবাড়িয়া-চট্টগ্রাম মহাসড়কের পাশে তিনলাখপীর একটি গ্রোথ সেন্টার। জেলা শহরের সঙ্গে এর রয়েছে ভালো যোগাযোগ। দেশের অন্যতম রেলওয়ে জংশন আখাউড়ার এর সন্নিকটে অবস্থিত।
এছাড়া অন্যতম প্রাচীন আখাউড়া স্থলবন্দরও এর কাছাকাছি। ফলে কাঁচামাল সংগ্রহ ও উৎপাদিত পণ্যের পরিবহণে এ এলাকাটি একটি আদর্শ স্থান। সার্বিক প্রেক্ষাপট বিবেচনায় তিনলাখপীর এলাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল স্থাপনের জন্য অত্যন্ত উপযোগী। মহাসড়কের পাশে এ এলাকায় সুবিশাল আয়তনের খাসজমি এবং ব্যক্তি মালিকানাধীন কিছু জমি রয়েছে, যা সহজেই আইনি প্রক্রিয়ায় অধিগ্রহণযোগ্য।’
রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বা ইপিজেড হলো শুল্কমুক্ত ও বিশেষ সুবিধাপ্রাপ্ত একটি শিল্প এলাকা, যেখানে মূলত রপ্তানিমুখী পণ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ ও সংযোজন করা হয়। এটি সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বেপজা পরিচালনা করে। এর মূল লক্ষ্য বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, রপ্তানি বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করা।
এ বিষয়ে জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়া বলেন, ‘এই প্রকল্প বাস্তবায়িত হলে কসবা-আখাউড়া অঞ্চলের সার্বিক অর্থনৈতিক চিত্র বদলে যাবে। প্রবাসী দক্ষ জনশক্তির জন্যও এটি একটি বড় সুযোগ তৈরি করবে। আশা করছি সরকার দ্রুত সময়ের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে।’









