
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের মোট ৮০৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৭৪টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এর মধ্যে ৪৮২টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ এবং বাকি ৯২টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান জানান, এসব ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নির্বাচনকালীন সময়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র চিহ্নিত করার ক্ষেত্রে স্থানীয় সামাজিক প্রেক্ষাপট, দাঙ্গাপ্রবণ এলাকা, যাতায়াত ব্যবস্থা এবং নির্বাচন ঘিরে অতীতের সহিংস ঘটনার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। এসব বিষয় বিশ্লেষণ করেই ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনের ৫৭৪টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়।
এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান বলেন, “সব ভোটকেন্দ্রেই ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি) থাকবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশ ও আনসার সদস্যদের সংখ্যা তুলনামূলকভাবে বেশি থাকবে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। আর যেসব কেন্দ্রকে আমরা অধিক ঝুঁকিপূর্ণ মনে করছি, সেখানে স্ট্রাইকিং টিম, সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন থাকবে।”
তিনি আরও বলেন, ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যায়।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ৪৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটার সংখ্যা ২৬ লাখ ৮ হাজার ৮৭ জন।









