
নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক দুটি অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতির অভিযোগে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা-পুলিশ। এ ছাড়া বিভিন্ন মামলার আসামিসহ মোট ২১ জনকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই সময়ে কিশোর গ্যাংয়ের নয় সদস্যকে আটক করে মুচলেকা নিয়ে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল থেকে রাত পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর থানা এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৮টার দিকে সদর উপজেলার বুধল ইউনিয়নের উত্তর বেতবাড়িয়া এলাকায় ফাহাদ ফিলিং স্টেশনের পেছনে মজিদ মিয়ার একটি খালি জায়গায় অভিযান চালায় পুলিশ। এ সময় জসিম মিয়া (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে একটি সুইচ গিয়ার, একটি লোহার দা ও একটি লোহার রড উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, একই দিন রাত ৮টার দিকে শহরের কাউতলী মোড় এলাকায় অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন রিয়াদ মোর্শেদ ওরফে সাগর (৩২), জামাল মিয়া (৩৫) ও ছগির মিয়া (৩৬)।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের তল্লাশি করে পিস্তলের চার রাউন্ড গুলি, ৩০টি ইয়াবা ট্যাবলেট, একটি চাইনিজ কুড়াল, দা ও ছোরা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, পুলিশের ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামিসহ মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে জিআর পরোয়ানাভুক্ত তিনজন, সিআর পরোয়ানাভুক্ত চারজন, নিয়মিত মামলার ছয়জন, পুলিশ আইনের ধারায় পাঁচজন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তিনজন রয়েছেন।
এ ছাড়া শহরের কাজীপাড়া ও কান্দিপাড়া এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের নয় সদস্যকে আটক করে পুলিশ। পরে মুচলেকা নিয়ে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC