বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় সাদ্দাম হত্যা মামলায় দিলীপের বহিষ্কার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Protest in Brahmanbaria demanding Dilip's expulsion and hanging in Saddam murder case
ব্রাহ্মণবাড়িয়ায় সাদ্দাম হত্যা মামলায় দিলীপের বহিষ্কার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ/ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল কর্মী সাদ্দাম হোসেন (৩৫) হত্যা মামলার প্রধান আসামি ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক (পদ স্থগিত) দেলোয়ার হোসেন দীলিপের ফাঁসির দাবিতে গত সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় বিক্ষোভ ও থানা ঘেরাও কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী। বিক্ষোভকারীরা দিলীপকে দল থেকে স্থায়ী বহিষ্কারের দাবিও জানান।

গত ৩০ নভেম্বর রাতে দেলোয়ার হোসেন দীলিপ ও মামলার আরেক আসামি বাবুল মিয়াকে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করে র‌্যাব।

ঘটনার সূত্রপাত হয় শহরের কান্দিপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। একই এলাকার বাসিন্দা এবং সদর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শাকিল সিকদার ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধের জেরে ২৭ নভেম্বর সন্ধ্যায় কান্দিপাড়া মাদরাসা রোডে লায়ন শাকিল ও তার সহযোগীরা দিলীপের অনুসারীদের ওপর এলোপাতাড়ি গুলি চালালে তিনজন গুলিবিদ্ধ হন।

এরপর ওইদিন গভীর রাতে ছাত্রদলের সাবেক নেতা সাদ্দাম হোসেনকে কান্দিপাড়ায় নিজ বাসা থেকে ডেকে নিয়ে গুলি করে এবং গলা কেটে হত্যা করা হয়।

পরদিন ২৮ নভেম্বর রাতে নিহত সাদ্দাম হোসেনের পিতা মোস্তফা কামাল ওরফে মস্তু মিয়া বাদী হয়ে দেলোয়ার হোসেন দিলীপকে প্রধান আসামি করে মোট ৭ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। বর্তমানে দিলীপকে ৫ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

জানা গেছে, দেলোয়ার হোসেন দিলীপের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় বিভিন্ন অভিযোগে মোট ১৯টি মামলা রয়েছে। ঘটনার পর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের পদ থেকেও তাকে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

আরও পড়ুন