
রাইজিং কুমিল্লা ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে টানা পাঁচ দিন ধরে অবস্থান করেছেন লায়লা নামে এক তরুণী। এ সময় তার সঙ্গে বিষের বোতলও ছিল বলে জানা গেছে। পরে স্থানীয় সর্দার-মাতব্বররা বোতলটি সরিয়ে নেন।
শনিবার (৮ আগস্ট) থেকে বুধবার (১২ আগস্ট) পর্যন্ত উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামে প্রেমিক আমিন খানের বাড়িতে অবস্থান করেন ওই তরুণী। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
আমিন খান হরিণবেড় গ্রামের কামাল খানের ছেলে। তিনি বর্তমানে দুবাইপ্রবাসী।
লায়লার দাবি, আমিন খানের সঙ্গে তার প্রায় চার বছরের প্রেমের সম্পর্ক। আমিন দেশে থাকাকালে দুই বছর এবং দুবাই যাওয়ার পরও আরও দুই বছর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে সম্পর্ক বজায় রাখেন। দীর্ঘদিনের সম্পর্কের পর এখন আমিন বিয়েতে অস্বীকৃতি জানাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
লায়লার বাবা সোহাগ খান বলেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক করার পর এখন অস্বীকৃতি জানানোয় তার মেয়ে প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন। গত পাঁচ দিন ধরে তিনি অনশন করছেন। বিষয়টি মীমাংসার জন্য গ্রামের সর্দার-মাতব্বররা ছেলেপক্ষের সঙ্গে কথা বললেও এখনো কোনো চূড়ান্ত সমাধান হয়নি।
অন্যদিকে আমিনের বড় ভাই আজমল খান প্রেমের সম্পর্কের বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, তার ছোট ভাইয়ের সঙ্গে লায়লার সম্পর্ক ছিল। তবে আমিন বর্তমানে বিয়েতে সম্মতি দিচ্ছেন না।
লায়লার সঙ্গে বিষের বোতল থাকার বিষয়টিও স্বীকার করেন আজমল খান। তিনি জানান, স্থানীয় সর্দাররা বোতলটি সরিয়ে নিয়েছেন।
এদিকে পাঁচ দিন ধরে তরুণীর এমন অবস্থানে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বিষয়টি দ্রুত, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্যভাবে সমাধানের দাবি জানিয়েছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC