
রাইজিং কুমিল্লা ডেস্ক
জেলা প্রশাসক মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সদর উপজেলার টিএ রোড বাজার এলাকায় তদারকি অভিযান পরিচালনা করেছে।
ব্রাহ্মণবাড়িয়া শহরের সিরাজুল উলুম তালিমুল কুরআন মাদ্রাসার ছাত্রদের জন্য মেসার্স শাহী বেকারি, টিএ রোড থেকে পেটিস ক্রয় করলে সেই পেটিসে তেলাপোকা পাওয়া যায়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে।
অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অভিযান চালানো হলে অভিযোগের সত্যতা পাওয়া যায়। বেকারিটিতে অত্যন্ত অস্বাস্থ্যকর, অপরিষ্কার ও অরক্ষিত পরিবেশে খাদ্য প্রস্তুত করা হচ্ছিল। পাশাপাশি যত্রতত্র তেলাপোকার বিচরণও পরিলক্ষিত হয়।
অভিযুক্ত প্রতিষ্ঠান মেসার্স শাহী বেকারি, টিএ রোড (প্রো. মো. মোছলেহ উদ্দিন)–কে অভিযোগের প্রেক্ষিতে ৪০,০০০ টাকা এবং অস্বাস্থ্যকর ও অপরিষ্কার প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুতের কারণে আরও ৬০,০০০ টাকা জরিমানা করা হয়। সর্বমোট ১,০০,০০০ (এক লক্ষ) টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।
এছাড়া জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্দেশনা অনুসারে যথাযথ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদনের নির্দেশ প্রদান করা হয় এবং ভবিষ্যতে একই অনিয়মের পুনরাবৃত্তি ঘটলে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে বলে সতর্ক করা হয়।
জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC