
রাইজিং কুমিল্লা প্রতিবেদক
মেয়ের বিয়ের কেনাকাটা করতে এসে হারিয়ে যাওয়া ৫০ হাজার টাকা ট্রাফিক পুলিশের সহায়তায় ফিরে পেয়েছেন মো. তাজুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধ। ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী এলাকায় দায়িত্ব পালনকালে রাস্তায় পড়ে থাকা টাকার বান্ডিল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেন ট্রাফিক পুলিশের সদস্যরা।
রোববার (১৬ আগস্ট) বিকেল ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, কাউতলী এলাকায় ট্রাফিক দায়িত্ব পালনকালে সার্জেন্ট রাসেলুর রহমান, সার্জেন্ট শাহদাত হোসেন ও তাদের সঙ্গে থাকা পুলিশ সদস্যরা রাস্তার ওপর একটি টাকার বান্ডিল পড়ে থাকতে দেখেন। পরে তারা টাকার বান্ডিলটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন।
এর কিছুক্ষণ পর প্রায় ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ কাউতলী এলাকায় এসে কান্নাজড়িত অবস্থায় টাকা খুঁজতে থাকেন। এ সময় কর্তব্যরত পুলিশ সদস্যরা তার সঙ্গে কথা বললে তিনি নিজের পরিচয় দিয়ে জানান, তার নাম মো. তাজুল ইসলাম। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসূলপুর এলাকা থেকে মেয়ের বিয়ের কেনাকাটার জন্য শহরে এসেছিলেন।
তাজুল ইসলাম পুলিশকে জানান, কাউতলী মোড়ে আসার পর সিএনজির ভাড়া দেওয়ার সময় লুঙ্গির কোঁচায় রাখা ৫০ হাজার টাকা অসাবধানতাবশত কোথাও পড়ে যায়। এরপর থেকেই তিনি টাকাগুলো খুঁজছিলেন।
পুলিশ সদস্যরা তার কাছে হারানো টাকার পরিমাণ, নোটের মূল্যমানসহ বিভিন্ন তথ্য জানতে চান। তাজুল ইসলামের দেওয়া তথ্যের সঙ্গে উদ্ধার করা টাকার পরিমাণ ও বিবরণ মিলে যায়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে যাচাই-বাছাই শেষে ৫০০ টাকা মূল্যমানের ১০০টি নোট, মোট ৫০ হাজার টাকা, প্রকৃত মালিক তাজুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।
হারানো টাকা ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বৃদ্ধ তাজুল ইসলাম। তিনি ট্রাফিক পুলিশের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ জানিয়েছে, জনগণের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো পরিস্থিতিতে সততা, নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালনে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ। ঘটনাটি দায়িত্বশীলতা ও জনবান্ধব পুলিশিংয়ের একটি উজ্জ্বল দৃষ্টান্ত বলেও উল্লেখ করা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC