
রাইজিং কুমিল্লা অনলাইন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন লাগানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে। এই অগ্নিসংযোগের ঘটনায় ব্যাংকের ভেতরের আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার চান্দুরা এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের চান্দুরা শাখায় এই ঘটনাটি ঘটে। তবে আশার কথা, টাকার ভোল্ট অক্ষত রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
এ বিষয়ে ব্যাংকের চান্দুরা ব্রাঞ্চের ম্যানেজার মো. কলিম উদ্দিন জানান, মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। নাইটগার্ড বিষয়টি লক্ষ্য করে দ্রুত ব্যাংক কর্তৃপক্ষকে অবহিত করেন। তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হন। ম্যানেজার জানান, এই বিষয়ে থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করা হবে।
এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা এই আগুন লাগিয়েছে, সেই বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC