
রাইজিং কুমিল্লা ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়া শহরে প্রকাশ্যে গুলি করে তিনজনকে আহত করার ঘটনায় মূল অভিযুক্ত লায়ন শাকিল (৩৩) ও তার সহযোগী মো. আরিয়ান আহমেদ (২৪)-কে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আটক করে বাংলাদেশে ফেরত দিয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করা হয় এবং পরে কসবা থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গত ২৮ নভেম্বর লায়ন শাকিল ব্রাহ্মণবাড়িয়া শহরে প্রকাশ্যে গুলি চালিয়ে তিনজনকে আহত করেন। একই রাতে সাবেক ছাত্রদল নেতা সাদ্দাম হোসেনকে গুলি করে হত্যা করা হয়।
এই হত্যাকাণ্ডে জেলা স্বেচ্ছাসেবক দলের সদ্য সাবেক আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ প্রধান আসামি হিসেবে চিহ্নিত হন এবং তাকে ইতোমধ্যে র্যাব গ্রেফতার করেছে। ঘটনার পর থেকেই লায়ন শাকিল পলাতক ছিলেন।
পুলিশ ও বিজিবি জানায়, ঘটনার পর লায়ন শাকিল আখাউড়া পৌর এলাকার কলেজপাড়ায় এক পরিচিতজনের বাসায় লুকিয়ে থাকেন। এরপর সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন।
বৃহস্পতিবার বিকেলে বিএসএফ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে শাকিল ও তার সহযোগী আরিয়ানকে আটক করে। পরদিন ২০৩৯ নম্বর পিলার এলাকায় অনুষ্ঠিত পতাকা বৈঠকে তারা দুজনকে বিজিবির কাছে হস্তান্তর করে।
বিজিবি জানায়, অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান বলেন,“দুজনকে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।”
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, লায়ন শাকিল ও দেলোয়ার হোসেন দিলীপের মধ্যে আধিপত্য বিস্তার এবং চোরাচালান করা পণ্য আটক নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধ থেকেই পরপর গুলি ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC