
রাইজিং কুমিল্লা ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক কিশোরীকে বিয়ে দিতে রাজি না হওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার সিংগারবিল ইউনিয়নের কাশীনগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাশীনগর গ্রামের দশম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন একই গ্রামের হুমায়ুন মিয়ার ছেলে রাকিব ও তার পরিবার। তবে কিশোরীর পরিবার ওই প্রস্তাবে রাজি হয়নি।
কিশোরীর পরিবারের দাবি, এ বিরোধের জেরে তার স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। পরে কিশোরীর সঙ্গে দেখা করতে না পেরে ক্ষুব্ধ হন রাকিব।
অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার রাতে রাকিব ওই কিশোরীর বাড়ির সামনে গিয়ে পরিবারের সদস্যদের গালিগালাজ করেন। এর প্রতিবাদ জানালে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা শুরু হয়। পরে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।
এ সময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রাতের অন্ধকারে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন। পাশাপাশি কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালানো হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) রাজিব চন্দ্র সরকার বলেন, মেয়েসংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে এ ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পরবর্তী সহিংসতা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC