
ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার উত্তর চান্দলায় অবস্থিত স্বনামধন্য মহিলা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান "হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) মহিলা মাদ্রাসা"-র বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের প্রতিবাদে ও এর প্রতিকারে এলাকাবাসী একমঞ্চে ঐক্যবদ্ধ হয়েছেন।
গত শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজ শেষে মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় এই ঐক্যবদ্ধ ঘোষণা দেওয়া হয়।
এতে মাদ্রাসার সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য শহীদুল ইসলাম, মো. দুলু মিয়া, মো. আলমগীর হোসেন, আবুল হাসেম, ইকবাল হোসেন শরীফ, মো. আলাউদ্দীন, ডাঃ মামুন কিবরিয়া, মো. মাছুম, মির হোসেন এবং জমি দাতাদের পক্ষে আব্দুল হান্নান সরকার।
বক্তারা বলেন, হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) মহিলা মাদ্রাসাটি প্রতিষ্ঠার পর থেকেই এলাকায় অত্যন্ত সুনামের সাথে দ্বীনি শিক্ষা বিস্তার করে আসছে।
তবে একটি মহলের ইন্ধনে প্রতিষ্ঠালগ্ন থেকেই ডাঃ জহিরুল হকের পরিবারের সদস্যরা এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলাসহ নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। যেকোনো মূল্যে এই ধরনের চক্রান্ত প্রতিহত করতে এলাকাবাসী সর্বদা প্রস্তুত রয়েছে।
সভায় আরও অভিযোগ করা হয়, গত রবিবার দুপুরে মাদ্রাসার মোহতামিমের অনুপস্থিতিতে ডাঃ জহিরুল হকের ছেলে হৃদয় হক মহিলা শিক্ষিকাদের সাথে অসদাচরণ করেন। এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে থাকে, যার ফলে শিক্ষক ও শিক্ষার্থীরা চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
এসব অপতৎপরতা থেকে পরিত্রাণ পেতে এবং মাদ্রাসার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে এলাকাবাসী আজ থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সবশেষে মাদ্রাসার সাফল্যে কামনায় দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে সভার সমাপ্তি হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC