
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সদর ও শশীদল ইউনিয়নের বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে রাস্তার ওপর গাছের গুড়ি রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি এবং সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে কয়েকজনকে জরিমানা করা হয়।
রবিবার (৫ এপ্রিল) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে রাস্তায় গাছের গুড়ি রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটানো এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ানোর অভিযোগে দুইজনকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কাজ না করার শর্তে তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয় এবং রাস্তা থেকে গাছের গুড়ি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এছাড়া সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী বিভিন্ন পয়েন্টে তদারকি করা হয়। এ সময় ট্রাফিক নিয়ম না মানায় দুইজন মোটরসাইকেল আরোহীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের অংশ হিসেবে শশীদল ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। তবে এ সময় কোনো মাদক উদ্ধার বা আটক সংক্রান্ত তথ্য জানানো হয়নি।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বার্থে সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।










