
রাইজিং কুমিল্লা ডেস্ক
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ডিএমএম মজিদের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—দক্ষিণ তেতাভূমি গ্রামের মো. রবিউল হাসান (২৩), মন্দভাগ গ্রামের আল আমিন (৩২), শশীদল গ্রামের সাইদুল ইসলাম (৩৮), উত্তর শশীদল গ্রামের আশিকুর রহমান (৩৪), বাড়ানী গ্রামের মো. খলিলুর রহমান (৩০) ও মো. দুলাল মিয়া (৪০)।
পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের বিরুদ্ধে মাদক সেবনসহ বিভিন্ন অপরাধের অভিযোগে পৃথক সাজা দেওয়া হয়। রবিউল হাসানকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা, আল আমিনকে ১০ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা, সাইদুল ইসলামকে সাত দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং আশিকুর রহমানকে তিন দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া মো. খলিলুর রহমানকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং মো. দুলাল মিয়াকে তিন দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
আইনগত প্রক্রিয়া শেষে সাজাপ্রাপ্তদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানিয়েছে, মাদক ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC