সোমবার ৬ জুলাই, ২০২৬

ব্রাজিলের বিদায় নিয়ে সাফা কবির, বললেন— ‘ইনশাআল্লাহ নেক্সট টাইম’

বিনোদন ডেস্ক

Rising Cumilla - safa kabir
ব্রাজিলের বিদায় নিয়ে সাফা কবির, বললেন— ‘ইনশাআল্লাহ নেক্সট টাইম’/ছবি: সংগৃহীত

চলমান ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিদায়ে বিশ্বের কোটি কোটি সমর্থকের মতোই হতাশ হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। প্রিয় দলের হারে মন খারাপের কথা জানিয়ে তিনি আশা প্রকাশ করেছেন, আগামী বিশ্বকাপে আরও শক্তিশালী হয়ে ফিরবে ব্রাজিল।

যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বসেই ব্রাজিল-নরওয়ে ম্যাচটি সরাসরি উপভোগ করেন সাফা কবির। ম্যাচ শেষে স্টেডিয়ামের বাইরে থেকে প্রকাশ করা এক ভিডিওতে দেখা যায়, ব্রাজিলের জার্সির ওপর বাংলাদেশের জাতীয় পতাকা কাঁধে জড়িয়ে বিষণ্ণ মনে হেঁটে যাচ্ছেন তিনি।

ভিডিওতে সাফা বলেন, “এই মুহূর্তে মন ভালো নেই, দুঃখজনক। তবে আগামী বিশ্বকাপে ইনশাআল্লাহ, আগামী বিশ্বকাপে আমরা আসব।” পোস্টের ক্যাপশনেও একটি ভাঙা হৃদয়ের ইমোজির সঙ্গে লিখেছেন, “ইনশাআল্লাহ নেক্সট টাইম।”

মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ব্রাজিল। প্রিয় দলের পরাজয়ে হতাশ হলেও নিজের দেশকে নিয়ে বড় একটি স্বপ্নের কথাও তুলে ধরেন অভিনেত্রী।

ম্যাচ চলাকালে গ্যালারি থেকে শেয়ার করা আরেকটি পোস্টে ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরা একটি ছবি প্রকাশ করেন তিনি। সেখানে সাফা কবির লেখেন, “আজ আমি ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬-এ ব্রাজিলকে সমর্থন করতে এসেছি। কিন্তু আমার হৃদয়ের গভীরে আরেকটি স্বপ্ন আছে— একদিন বাংলাদেশও এই মঞ্চে খেলবে, আর আমি এখানে দাঁড়িয়ে গর্বের সঙ্গে আমার নিজের দেশকে সমর্থন করব।”

এদিকে, সাফা কবিরের পাশাপাশি জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত থেকে ব্রাজিল-নরওয়ে ম্যাচটি উপভোগ করেছেন।

ব্রাজিলের বিদায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যেমন সমর্থকদের হতাশা দেখা গেছে, তেমনি বাংলাদেশের তারকাদের আবেগঘন প্রতিক্রিয়াও ফুটবলপ্রেমীদের নজর কেড়েছে।

আরও পড়ুন