
রাইজিং কুমিল্লা ডেস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই আগামী কয়েক সপ্তাহের মধ্যেই জনপ্রিয় এআই প্ল্যাটফর্ম চ্যাটজিপিটির নতুন সংস্করণ উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে। নতুন এই সংস্করণে কোডিং টুল, এআই এজেন্টসহ বিভিন্ন সেবা যুক্ত করে প্ল্যাটফর্মটিকে একটি বহুমুখী ‘সুপার অ্যাপ’-এ রূপ দেওয়ার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।
ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনের বরাতে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ জানায়, ব্যবসায়িক গ্রাহকদের মধ্যে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করা এবং সম্ভাব্য শেয়ারবাজারে তালিকাভুক্তির (আইপিও) আগে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নিচ্ছে ওপেনএআই।
প্রতিবেদন অনুযায়ী, চ্যাটজিপিটিকে বিভিন্ন অর্থপ্রদানভিত্তিক পণ্য ও সেবার কেন্দ্রীয় প্রবেশদ্বার হিসেবে গড়ে তুলতে চায় প্রতিষ্ঠানটি। এর মধ্যে রয়েছে তাদের এআইচালিত কোডিং টুল Codex। ওপেনএআইয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ফিন্যান্সিয়াল টাইমসকে বলেন, “চ্যাটের যুগ শেষ হয়ে যাচ্ছে।”
ওপেনএআইয়ের মূল পণ্য ও প্ল্যাটফর্ম বিভাগের প্রধান থিবো কটিয়াক্স জানান, প্রতিষ্ঠানটি এমন একটি পণ্য তৈরির দিকে এগোচ্ছে, যা ব্যবহারকারীর ব্যক্তিগত এজেন্ট হিসেবে কাজ করবে এবং ব্যক্তিগত ও পেশাগত উভয় ক্ষেত্রেই সহায়তা করবে।
চ্যাটজিপিটিকে ‘সুপার অ্যাপ’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়ে প্রযুক্তি বিশ্বে আলোচনা চলছে বেশ কিছুদিন ধরেই।
গত মার্চে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে উল্লেখ করে, ওপেনএআইয়ের এ কৌশল প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত বহন করছে।
এদিকে, ২০২৫ সালে একাধিক স্বতন্ত্র পণ্য উন্মোচনের পর প্রতিষ্ঠানটি অভ্যন্তরীণভাবে ‘সাইড কোয়েস্ট’ নামে পরিচিত কিছু প্রকল্প থেকে ধীরে ধীরে সরে আসার ইঙ্গিত দিয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ভিডিও তৈরির এআই টুল Sora।
বিশ্লেষকদের মতে, চ্যাটজিপিটিকে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল সহকারী ও কর্মক্ষেত্রভিত্তিক প্ল্যাটফর্মে পরিণত করতে পারলে এআই খাতে ওপেনএআইয়ের প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী হবে।
সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস, টেকক্রাঞ্চ
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC