
রাইজিং কুমিল্লা ডেস্ক
জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেছেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নতুন করে ঋণের বোঝা চাপিয়ে দেওয়া নয়, বরং প্রয়োজন অনুদান ও নির্ভরযোগ্য আর্থিক সহায়তা।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ ত্রাণ সুবিধা, আধুনিক প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার এবং নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা নিশ্চিত করারও দাবি জানান তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের (কপ-৩১) উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে এসব প্রস্তাব তুলে ধরেন প্রধানমন্ত্রী। এ সময় জলবায়ু সংকট মোকাবিলায় বাংলাদেশের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ বিশ্বের অন্যতম সম্মুখসারির দেশ। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। এরপরও জলবায়ু সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে এক ট্রিলিয়ন ডলারের লক্ষ্য নিয়ে কাজ করার প্রতিশ্রুতি রয়েছে সরকারের।
তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে অনুপ্রাণিত হয়ে সরকার বিশ্বাস করে, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণ পরস্পরের পরিপূরক। তাই শিল্পায়ন ও উন্নয়নের পাশাপাশি প্রকৃতি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখার ওপর গুরুত্ব দিতে হবে।
কপ-৩১ সম্মেলন আয়োজনের জন্য তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি সম্মেলনের আলোচনা প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য অস্ট্রেলিয়ার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
নবায়নযোগ্য জ্বালানিতে ২০ শতাংশ লক্ষ্যমাত্রা
ভাষণে দেশের পরিবেশবান্ধব জ্বালানি ও উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। প্যারিস জলবায়ু চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নামিয়ে আনার দীর্ঘমেয়াদি লক্ষ্য বাস্তবায়নেও কাজ চলছে।
এ লক্ষ্যে বিশেষ কর প্রণোদনার মাধ্যমে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনেও উৎসাহ দেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী জানান, দেশে বর্তমানে প্রায় ৩০০টি লিড সনদপ্রাপ্ত তৈরি পোশাক কারখানা রয়েছে। সবুজ শিল্পের প্রসারের পাশাপাশি বৈদ্যুতিক যানবাহনসহ পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া পাটজাত ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বাড়ানো এবং কার্বন বাণিজ্যের জন্য জাতীয় কাঠামো তৈরির কাজ চলছে।
তিনি আরও জানান, আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। পরিবেশ ও পানি ব্যবস্থাপনার উন্নয়নে পদ্মা ব্যারেজ ও তিস্তা ব্যারেজের মহাপরিকল্পনার পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে।
এসব কার্যক্রমের মাধ্যমে পানি সংরক্ষণ, বন্যার ঝুঁকি হ্রাস, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং ভূগর্ভস্থ পানির স্তর বাড়ানোর লক্ষ্য রয়েছে। একই সঙ্গে উপকূলীয় পুনরুদ্ধার করা জমিতে ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারের উদ্যোগও নেওয়া হয়েছে।
আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচ দফা আহ্বান
বিশ্বের বর্তমান জলবায়ু অর্থায়নব্যবস্থাকে প্রয়োজনের তুলনায় অপ্রতুল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নশীল দেশগুলোর চাহিদা ও অগ্রাধিকার এতে যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না। জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি দেশের অর্থনীতির ওপর বাড়তি চাপ তৈরি করছে। এর সঙ্গে ঋণ পরিশোধের ক্রমবর্ধমান বোঝা ও সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
এ পরিস্থিতি থেকে উত্তরণে ‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’ নীতির আলোকে পাঁচটি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।
প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে—
১. আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের নিজস্ব অগ্রাধিকার অনুযায়ী অভিযোজন কার্যক্রমে বরাদ্দ করতে হবে। একই সঙ্গে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর উদ্যোগেও সহায়তা বাড়াতে হবে।
২. জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ এবং ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’-এর মতো কার্যকর ঋণ ত্রাণ সুবিধা চালু করতে হবে।
৩. পরিবেশবান্ধব ও আধুনিক জলবায়ু প্রযুক্তিতে উন্নয়নশীল দেশগুলোর ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। পাশাপাশি এসব প্রযুক্তি হস্তান্তরে প্রয়োজনীয় সহযোগিতা দিতে হবে।
৪. সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের মাধ্যমে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে হবে।
৫. কপ-৩১ সম্মেলনে ন্যায্য অর্থায়ন ও বাণিজ্যের ভিত্তিতে জ্বালানি রূপান্তর নিশ্চিত করতে ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ করতে হবে।
সবুজ কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্ব
জলবায়ু মোকাবিলায় গৃহীত কার্যক্রমে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টি এবং বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর মাধ্যমে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য অর্জনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
ভাষণের শেষ পর্যায়ে কপ-৩১ সম্মেলন থেকে অর্থবহ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী ফলাফল আসবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারেক রহমান। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থকে আলোচনায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, শুধু প্রতিশ্রুতি দিলেই হবে না, সেগুলো বাস্তবে কার্যকর করতে হবে। এ জন্য বৈশ্বিক সংহতি জোরদার এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC