
বেসরকারি মাদ্রাসায় এনটিআরসিএর আওতার বাইরে থাকা শূন্য পদে নিয়োগ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।
রোববার (২২ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সব বেসরকারি মাদ্রাসাকে নতুন জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুসরণ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই নির্দেশনা অমান্য করা হলে সংশ্লিষ্ট মাদ্রাসার এমপিও সুবিধা বাতিল করা হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এতদিন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর আওতার বাইরে থাকা শূন্য পদগুলোতে মাদ্রাসার নিয়োগ কমিটির সুপারিশের ভিত্তিতে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি সরাসরি নিয়োগ দিয়ে আসছিল।
তবে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ গত ১ ফেব্রুয়ারি ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬’ জারি করেছে। নতুন এই নীতিমালার আলোকে এখন থেকে এনটিআরসিএর আওতার বাইরে থাকা শূন্য পদেও নিয়োগ দিতে হলে নির্ধারিত নিয়ম অনুসরণ করা বাধ্যতামূলক।
নতুন নির্দেশনায় ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডিকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২৬ অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট পদে এমপিও সুবিধা প্রদান করা হবে না।









