
লাইফস্টাইল ডেস্ক

বৃষ্টি অপছন্দ করেন—এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই কঠিন। বর্ষার দিনে চারপাশ যেমন বদলে যায়, তেমনি বদলে নেওয়া উচিত পোশাকের ধরনও। কী পরবেন, কোন রঙ আপনাকে মানাবে, অফিস শেষে কোথাও গেলে কীভাবে সাজবেন—এসব নিয়ে দুশ্চিন্তার যেন শেষ নেই। বিশেষ করে আপনি যদি ফ্যাশন সচেতন হন, তাহলে এই ভাবনাগুলো আরও বেশি গুরুত্ব পায়।
আবার যদি কোনো অনুষ্ঠানের নিমন্ত্রণ থাকে, তখন তো চিন্তা কয়েকগুণ বেড়ে যায়। তবে এখন আর দুশ্চিন্তার কিছু নেই। কিছু সহজ টিপস মেনে চললেই বর্ষার ফ্যাশন হয়ে উঠবে সহজ ও স্টাইলিশ।
বৃষ্টির সময় অফিসে কী পোশাক পরবেন, তা নিয়ে অনেকেই দ্বিধায় থাকেন। আর অফিস শেষে যদি কোনো পার্টি বা অনুষ্ঠানে যেতে হয়, তাহলে সেই চিন্তা আরও বাড়ে। এই বিষয়ে কথা বলেছেন রঙ বাংলাদেশের ডিজাইনার ও সত্তাধিকারি সৌমিক দাস। তিনি জানান, বৃষ্টি হলেই যে সবসময় উজ্জ্বল বা ভাইব্রেন্ট রঙের পোশাক পরতে হবে—এমন কোনো বাধ্যবাধকতা নেই।
অনেক সময় উজ্জ্বল রঙ ব্যক্তিত্বের সঙ্গে মানানসই নাও হতে পারে, কিংবা অফিসের ড্রেস কোডেও তা নিষিদ্ধ থাকতে পারে। সে ক্ষেত্রে সাদা বা কালো পোশাকেও সহজেই আলাদা স্টাইল তৈরি করা সম্ভব। তবে প্রিন্টের পোশাক বেছে নেওয়ার ক্ষেত্রে থাকতে হবে সচেতনতা। বিশেষজ্ঞদের মতে, বর্ষায় ম্যাট কালার এড়িয়ে চলাই ভালো। এর পরিবর্তে হলুদ, কমলা, আকাশি ইত্যাদি রঙকে গুরুত্ব দেওয়া যেতে পারে।
অফিস শেষে বন্ধুদের সঙ্গে পার্টির পরিকল্পনা থাকলে কালো রঙের পোশাক হতে পারে সেরা পছন্দ। এছাড়া নীল বা অন্যান্য ভাইব্রেন্ট রঙও এই সময় বেশ মানানসই। তবে পার্টির জন্য একরঙা পোশাক বেছে নেওয়া ভালো, কারণ এতে সাজগোজের সঙ্গে সামঞ্জস্য রাখা সহজ হয়।
ফ্যাব্রিকের ক্ষেত্রেও রাখতে হবে বিশেষ নজর। জর্জেট বা পলেস্টার ধরনের কাপড় বর্ষার দিনে যেমন আরামদায়ক, তেমনি পার্টিতেও মানানসই। খেয়াল রাখতে হবে পোশাক যেন খুব বেশি ফরমাল না হয়। বর্তমানে সেমি-ফরমাল পোশাক সহজেই পাওয়া যায়, যা অফিস ও পার্টি—দুই জায়গাতেই মানিয়ে যায়।
যদি অফিসের পোশাক আলাদা রাখতে হয়, তাহলে ব্যাগে একটি অতিরিক্ত ড্রেস রাখা যেতে পারে। পাজামা বা প্যান্টের সঙ্গে কুর্তি বা কামিজের মিল রাখাও জরুরি। কারণ এখনকার সময়ে অফিস ওয়্যারই অনেকাংশে ব্যক্তিত্বের পরিচয় বহন করে।
তাই এমন কোনো পোশাক নির্বাচন করা উচিত নয়, যা আপনার ব্যক্তিত্বের সঙ্গে মানানসই নয়। রঙের ক্ষেত্রে নিজের পছন্দের পাশাপাশি পারিপার্শ্বিক পরিবেশকেও গুরুত্ব দিতে হবে। তবেই আপনার পোশাক নজর কাড়বে সবার।
সবশেষে, বর্ষার জন্য এমন ফ্যাব্রিক বেছে নেওয়া উচিত যা ভিজে গেলেও দ্রুত শুকিয়ে যায়। লিনেন বা কটনের পরিবর্তে শিফন কিংবা মিক্সড ফ্যাব্রিক এই মৌসুমের জন্য বেশি উপযোগী।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC