
রাইজিং কুমিল্লা ডেস্ক
বিশ্বব্যাপী সাইবার নিরাপত্তা সতর্কতার পর সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি এড়াতে আড়াই দিন বন্ধ রাখার পর বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট চালু করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) সকাল ৮টায় ওয়েবসাইটটি পুনরায় চালু করা হয়।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার তিনি জানিয়েছিলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করছে কেন্দ্রীয় ব্যাংক। ওয়েবসাইটের নিরাপত্তা নিশ্চিত করতে সেটি চালু করা হয়নি। তবে এ সময় বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বাণিজ্যিক ব্যাংকগুলোর সংযোগ স্বাভাবিকভাবে সচল ছিল বলে জানান তিনি।
গত বৃহস্পতিবার দুপুর থেকে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ ছিল। এ সময় ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে নির্ধারিত রক্ষণাবেক্ষণকাজের জন্য সেবাটি সাময়িকভাবে বন্ধ রয়েছে এবং শিগগিরই চালু হবে—এমন একটি বার্তা দেখা যাচ্ছিল।
ওয়েবসাইট চালুর নির্দিষ্ট সময় সম্পর্কে জানতে চাইলে আরিফ হোসেন খান জানিয়েছিলেন, কেন্দ্রীয় ব্যাংকের তথ্যপ্রযুক্তি বিভাগ এ নিয়ে কাজ করছে।
বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর বিভিন্ন দেশে জরুরি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সরঞ্জাম ব্যবহার করে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যালিফ ও উইজ এসব ত্রুটি শনাক্ত করে। পরে ত্রুটিগুলো সমাধানে নিরাপত্তা প্যাচ প্রকাশ করা হলেও সেগুলো পুরোপুরি প্রয়োগের আগেই দুর্বলতাগুলোর বিস্তারিত তথ্য প্রকাশ্যে চলে আসে।
এর আগেও বড় ধরনের সাইবার নিরাপত্তা সংকটের মুখে পড়েছিল বাংলাদেশ ব্যাংক। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে থাকা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে হ্যাকাররা ১০ কোটি ১০ লাখ ডলার সরিয়ে নেয়। ওই ঘটনার পর তৎকালীন গভর্নর আতিউর রহমান পদত্যাগ করেন।
এ ছাড়া, ২০২৩ সালে সম্ভাব্য সাইবার হামলার আশঙ্কায় বাংলাদেশ ব্যাংক তাদের কয়েকটি অভ্যন্তরীণ ওয়েবভিত্তিক সেবা ৩৬ ঘণ্টার জন্য বন্ধ রেখেছিল।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC