শনিবার ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

“বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে শিবিরকে বিজয়ী করে তরুণরা বার্তা দিয়েছে কাদের ভোট দিতে হবে”

রাইজিং কুমিল্লা অনলাইন

"বিশ্ববিদ্যালয় নির্বাচনে শিবিরকে বিজয়ী করে তরুণরা বার্তা দিয়েছে কাদের ভোট দিতে হবে"

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেছেন, গত ৫ আগস্টের পর একটি রাজনৈতিক দলের চরিত্র পরিষ্কার হয়ে গেছে।

তিনি বলেন, মেধাবী তরুণরা বিশ্ববিদ্যালয় নির্বাচনগুলোতে ইসলামী ছাত্রশিবিরকে বিজয়ী করার মাধ্যমে জাতিকে এই আগাম বার্তা দিয়েছে আগামী জাতীয় নির্বাচনে কাদের ভোট দিতে হবে।

গতকাল রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লা মহানগরীর ঢুলিপাড়া ফানটাউনে আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা এটিএম মাসুম এই মন্তব্য করেন।

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে জামায়াতের প্রস্তুতির কথা তুলে ধরে তিনি জানান, জামায়াতে ইসলামী ইতোমধ্যে ৩০০টি আসনেই প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে একই সাথে তিনি বলেন, যদি অন্যান্য ইসলামী দলগুলোর সাথে তাদের একটি সমঝোতা হয়, তাহলে প্রয়োজনে সেই দলগুলোর জন্য কিছু আসন ছেড়ে দেওয়া হতে পারে। এটিএম মাসুম দৃঢ়তার সাথে উল্লেখ করেন, যেসব আসনে জামায়াত প্রার্থী না দিয়ে ছাড় দেবে, সেই আসনগুলোতেও সংগঠনের সর্বশক্তি দিয়ে কাজ করে মিত্রদের বিজয়ী করে আনার চেষ্টা করা হবে।

মাওলানা এটিএম মাসুম দেশের বর্তমান পরিস্থিতিকে উদ্বেগজনক উল্লেখ করে বলেন, দেশে এখন উৎকণ্ঠা ও উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। মানুষের মৌলিক অধিকার, বিশেষ করে ভোটাধিকার নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে।

তিনি কর্মীদের উদ্দেশ্য করে বলেন, যেমন করে একজন ব্যক্তি বাঘের আক্রমণ থেকে বাঁচতে সর্বাত্মক চেষ্টা করে, ঠিক একই রকম শক্তি ও প্রচেষ্টা নিয়ে এই নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য কাজ করতে হবে। তিনি এই নির্বাচনে জয়ী হতে সর্বশক্তি নিয়োগ করার জন্য সংগঠনের সর্বস্তরের কর্মীদের প্রতি আহ্বান জানান।

রাজনৈতিক সংস্কার প্রসঙ্গে এটিএম মাসুম বলেন, একটি গোষ্ঠী সংস্কারের ব্যাপারে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে তাদের অনীহা দেখিয়েছে। তিনি বলেন, “আমরা প্রথমে মনে করেছিলাম সবাই সংস্কার চায়; কিন্তু পরে দেখলাম, একটি দল সংস্কারের পক্ষে ছিল না। তবে পরবর্তীতে বাধ্য হয়ে তারা একপর্যায়ে সংস্কারের বিষয়ে স্বাক্ষর করেছে এবং তা মেনেও নিয়েছে।”

তিনি আরও বলেন, এখন সেই একই মহল বলছে যে গণভোট (হ্যাঁ/না ভোট) ও জাতীয় নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে। কিন্তু তারা এখন এই সিদ্ধান্তের বিরোধিতা করছে। এটিএম মাসুম সতর্ক করে বলেন যে, জুলাই সনদ পাশ হলে তাদের সকল ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে। তিনি যুক্তি দেখান যে একই দিনে হ্যাঁ/না ভোট এবং জাতীয় নির্বাচনের ভোট দিতে গেলে সাধারণ ভোটাররা বিভ্রান্ত হবেন এবং এতে করে অনেক মূল্যবান সময়ক্ষেপণও হবে।

সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ এই সম্মেলনে সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক আমির আব্দুস সাত্তার।

এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও কুমিল্লা মহানগরীর নায়েবে আমির মোসলেহ উদ্দিন এবং একেএম এমদাদুল হক মামুন। সম্মেলন পরিচালনা করেন কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমান।

আরও পড়ুন