
রাইজিং স্পোর্টস
ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনকে নিয়ে আলোচিত মন্তব্যের পর আবারও শিরোনামে উঠে এসেছেন ঘানার পরিচিত ওঝা নানা কোয়াকু বনসাম। এবার তার ভবিষ্যদ্বাণীর কেন্দ্রে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
বনসামের দাবি, বিশ্বকাপের নকআউট পর্বে কেপ ভার্দের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেবে লিওনেল স্কালোনির শিষ্যরা। আগামী ৪ জুলাই বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামি স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচকে সামনে রেখে তিনি বলেন, এবারের লড়াইয়ে জয় পাবে কেপ ভার্দে এবং সেখানেই শেষ হবে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান।
এর আগে গ্রুপ পর্বে ইংল্যান্ড-ঘানা ম্যাচের আগে হ্যারি কেইনকে নিয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন বনসাম। সে সময় তিনি দাবি করেছিলেন, আধ্যাত্মিক শক্তির মাধ্যমে এমন ব্যবস্থা করবেন যাতে কেইন ঘানার বিপক্ষে কোনো গোল করতে না পারেন। কাকতালীয়ভাবে সেই ম্যাচে গোল করতে ব্যর্থ হন ইংলিশ অধিনায়ক এবং ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়।
চলতি আসরে সেটিই ছিল বায়ার্ন মিউনিখের এই তারকা স্ট্রাইকারের একমাত্র গোলহীন ম্যাচ। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে বনসামের মন্তব্য ব্যাপক আলোচনার জন্ম দেয়। তবে তার দাবির সঙ্গে ম্যাচের ফলাফলের কোনো বৈজ্ঞানিক বা প্রমাণিত সম্পর্ক পাওয়া যায়নি।
ঘানার বিপক্ষে ম্যাচের পর বনসাম নিজেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ওঝা বলেও দাবি করেন। একই সঙ্গে তিনি জানান, হ্যারি কেইনকে তিনি তার কথিত "জাদু" থেকে মুক্ত করে দিয়েছেন, কারণ কেইন তার শত্রু নন। এমনকি নিজের এক সন্তানের নাম "হ্যারি" রাখার ইচ্ছার কথাও প্রকাশ করেন।
এরপর পানামার বিপক্ষে ম্যাচে গোলের দেখা পান হ্যারি কেইন। সেই ঘটনার পর এবার আর্জেন্টিনাকে নিয়ে বনসামের নতুন ভবিষ্যদ্বাণী ফুটবল অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC