
রাইজিং কুমিল্লা ডেস্ক
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. অধ্যাপক বিধান রঞ্জন পোদ্দার জানিয়েছেন, হাওর, চর ও পাহাড়সহ দেশের দুর্গম এলাকায় বসবাসরত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের জন্য বিশেষ ভাতা প্রদান করা হবে। একই সঙ্গে শিক্ষার মান উন্নয়নে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
শনিবার (২৯ নভেম্বর) সকালে ভোলায় প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার গুণগত মান বাড়াতে অংশীজনদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ এবং জেলা পরিষদ মিলনায়নে জেলা প্রাথমিক দপ্তরের উদ্যোগে পৃথক এই দুইটি সভা অনুষ্ঠিত হয়।
উপদেষ্টা বলেন, বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে, যাতে কোনো ছাত্র-ছাত্রী বই সংকটে না পড়ে।
তিনি আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঝুঁকিপূর্ণ বিদ্যালয়গুলো—যেগুলো ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে—সেগুলো সংস্কারের কাজ সম্পন্ন করা হবে।
সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, “শিক্ষকদের দাবি দ্রুত বাস্তবায়ন করা হবে। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যেই সরকার কাজ করছে।”
সভায় সভাপতিত্ব করেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আতিকুর রহমানসহ শিক্ষা মন্ত্রণালয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তারা।
উপদেষ্টা বিধান রঞ্জন পোদ্দার আগামীকাল রবিবার মনপুরা ও তজুমদ্দিনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আরও কয়েকটি মতবিনিময়সভায় অংশ নেবেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC