
ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি
কুমিল্লার চান্দিনা থানা পুলিশ ২৪ ঘণ্টার এক বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী বিরোধী আইনের আসামিসহ সর্বমোট ৬ জনকে গ্রেফতার করেছে। গত ২৪ জুন (বুধবার) পরিচালিত এই অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে বরকইট ইউনিয়ন যুবলীগের এক সক্রিয় কর্মীও রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, চান্দিনা থানা পুলিশের একটি বিশেষ টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে ফতেহপুর বড় বাড়ী এলাকার আলী আহমেদের ছেলে নূর আহম্মেদ (৩৪) এবং গল্লাই পশ্চিম পাড়ার (পাথরিয়াবাড়ি) আবু ইউছুফের ছেলে আল আমিনকে (২৬) নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পৃথক একটি মাদকবিরোধী অভিযানে উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর পশ্চিম পাড়া এলাকা থেকে মাদকসহ দুইজনকে গ্রেফতার করে পুলিশ। তারা হলেন— ধনু মিয়ার ছেলে মো: সোহেল (৩০) এবং শাহ আলমের ছেলে দ্বীন ইসলাম (২৩)। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
এছাড়া মাদক সেবনের অপরাধে শ্রীমন্তপুর এলাকার আঃ হাকিমের ছেলে মোঃ ইলিয়াসকে (৩৪) ১০০ টাকা জরিমানা ও ৩০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। সাজা ঘোষণার পর তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
এদিকে, সন্ত্রাসী বিরোধী আইনের মামলায় শ্রীমন্তপুর পূর্বপাড়া এলাকার ছায়েদ আলীর ছেলে মোঃ আলমগীর হোসেনকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আলমগীর বরকইট ইউনিয়ন যুবলীগের একজন সক্রিয় কর্মী বলে জানা গেছে। তাকেও আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
চান্দিনা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক ও সন্ত্রাস দমনে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC