
রাইজিং কুমিল্লা ডেস্ক
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বিয়ের দাবিতে এক যুবকের বাড়িতে টানা ১২ দিন ধরে অনশন করছেন এক তরুণী। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অনশনরত তরুণীর নাম নুসরাত জাহান। তাঁর বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার ভূয়ারপাড়া গ্রামে। তিনি দাবি করেন, ব্রাহ্মণপাড়া উপজেলার পশ্চিম শিদলাই গ্রামের বাসিন্দা আবু কালামের ছেলে আবু সাইদ ওরফে সাইফুল ইসলামের সঙ্গে প্রায় চার বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে তাঁর পরিচয় হয়। পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং গত দুই বছর ধরে ঢাকায় তাঁদের নিয়মিত দেখা-সাক্ষাৎ চলছিল।
নুসরাতের অভিযোগ, বিয়ের আশ্বাস দিয়ে আবু সাইদ তাঁর সঙ্গে সম্পর্ক চালিয়ে আসেন। প্রায় ১২ দিন আগে বিয়ের কথা বলে তাঁকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার চড়বাকর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যান। সেখানে দুই দিন অবস্থানের পর কাউকে কিছু না জানিয়ে চলে যান তিনি।
অনশনরত তরুণী বলেন, "অনেক খোঁজাখুঁজির পর তাঁর বাড়ির ঠিকানা সংগ্রহ করে এখানে এসেছি। সে আমাকে বিয়ের স্বপ্ন দেখিয়েছে। এখন সে মুখ ফিরিয়ে নিয়েছে। হয় সে আমাকে বিয়ে করবে, না হয় এই বাড়িতেই আমার মৃত্যু হবে।"
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১২ দিন ধরে ওই তরুণী অভিযুক্ত যুবকের বাড়ির সামনে অবস্থান করে বিয়ের দাবি জানিয়ে আসছেন। এদিকে ঘটনার পর থেকে আবু সাইদ ও তাঁর পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
শিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম আকবর আলাউল বলেন, "বিষয়টি জানার পর উভয় পক্ষকে ডেকে সমাধানের চেষ্টা করেছি। তবে এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি।"
ব্রাহ্মণপাড়া উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন জানান, খবর পেয়ে তিনি অনশনরত তরুণীর সঙ্গে কথা বলেছেন। অভিযুক্ত যুবকের পরিবারের কাউকে পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকে ওই তরুণীকে নিরাপদ আশ্রয় ও প্রয়োজনীয় সহযোগিতার প্রস্তাব দেওয়া হলেও তিনি প্রেমিকের বাড়ি ছেড়ে যেতে রাজি হননি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC