
বাংলাদেশ নারী ক্রিকেট দলের তারকা ব্যাটার শারমিন আক্তার সুপ্তা জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন। সম্প্রতি বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। জাতীয় দলের ব্যস্ত সূচির মাঝেই পারিবারিক আয়োজনে সম্পন্ন হয়েছে এই বিয়ে।
গত মাসেই বাংলাদেশ নারী ক্রিকেট দল টি–টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত করে। বাছাইপর্ব পেরিয়ে মূল আসরে জায়গা করে নিতে হয় বাংলাদেশকে। সেই বাছাইপর্বে ব্যাট হাতে দারুণ পারফর্ম করেন সুপ্তা। পুরো টুর্নামেন্টে ১৯৪ রান করে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। তার ধারাবাহিক ইনিংস বাংলাদেশকে আত্মবিশ্বাসী করে তোলে এবং মূল পর্বে ওঠার পথে বড় ভূমিকা রাখে।
বিশ্বকাপ নিশ্চিত করে দেশে ফেরার পর পরিবার–পরিজনের সঙ্গে সময় কাটাচ্ছিলেন সুপ্তা। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার গায়ে হলুদ ও বিয়ের কয়েকটি ছবি ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হলে তিনি নিজেই গণমাধ্যমকে বিয়ের বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, গত ৮ জানুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন সুপ্তা। তার জীবনসঙ্গী নজীব রহমান, যিনি তারই বিশ্ববিদ্যালয়ের পরিচিত মুখ। নজীব আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন। দীর্ঘদিনের পরিচয় থেকেই তাদের সম্পর্ক পরিণয়ে গড়ায় বলে জানা গেছে। পারিবারিকভাবে আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে তাদের বিয়ে।
এদিকে ব্যক্তিগত জীবনের নতুন সূচনা হলেও পেশাদার ক্রিকেটে ব্যস্ত সময়ই অপেক্ষা করছে সুপ্তার সামনে। নারী বিপিএলের আগে শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। খুব শিগগিরই শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। নতুন দায়িত্ব ও স্বপ্ন নিয়ে সেই ক্যাম্পে যোগ দেবেন সুপ্তা।









