
বিনোদন ডেস্ক

বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি রুপির মানহানি মামলা করেছে ভারতের এভিয়েশন কোম্পানি ডিউনস এভিয়েশন। একটি চার্টার্ড উড়োজাহাজকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘খেলনা’ ও ‘লেগো এয়ারপ্লেন’ বলে মন্তব্য করার অভিযোগে তার বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত বছরের ডিসেম্বরে ডিউনস এভিয়েশনের সেসনা সাইটেশন সিজে-২ উড়োজাহাজে মুম্বাই থেকে জয়পুর যাচ্ছিলেন নোরা ফাতেহি। যাত্রাপথে তিনি বিমানের ভেতরের একটি ভিডিও ধারণ করে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেন।
ভিডিওতে উড়োজাহাজটিকে ‘খেলনা’ এবং ‘লেগো এয়ারপ্লেন’ হিসেবে উল্লেখ করেন এই অভিনেত্রী। তার এমন মন্তব্যে ক্ষুব্ধ হয় ডিউনস এভিয়েশন।
কোম্পানিটির অভিযোগ, নোরা ফাতেহির মন্তব্য ছিল বেপরোয়া, দায়িত্বজ্ঞানহীন এবং কোনো প্রযুক্তিগত জ্ঞান বা বাস্তব ভিত্তি ছাড়া করা। তার বিপুলসংখ্যক সামাজিক যোগাযোগমাধ্যম অনুসারী থাকায় ওই ভিডিও ও মন্তব্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে বলেও দাবি করেছে প্রতিষ্ঠানটি।
ডিউনস এভিয়েশনের দাবি, নোরার মন্তব্যের কারণে তাদের প্রতিষ্ঠানের সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে ব্যবসায়িক ক্ষতিরও অভিযোগ করেছে তারা। কোম্পানিটির ভাষ্য অনুযায়ী, ঘটনার পর তাদের বুকিং প্রায় ১৫ থেকে ২০ শতাংশ কমে যায় এবং ফ্লাইট বাতিলের হারও বেড়ে যায়।
এ ঘটনায় ক্ষতিপূরণ হিসেবে নোরা ফাতেহির কাছে ৩ কোটি রুপি দাবি করেছে ডিউনস এভিয়েশন।
শুধু ক্ষতিপূরণ নয়, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ওই ভিডিও এবং সংশ্লিষ্ট কনটেন্ট সরিয়ে ফেলারও দাবি জানিয়েছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি প্রকাশ্যে নোরা ফাতেহির ব্যাখ্যাও চাওয়া হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC