
নিজস্ব প্রতিবেদক

সরকারি সেবা নিতে গিয়ে ঘুষ দেওয়ার প্রবণতায় দেশের মধ্যে শীর্ষে রয়েছে নোয়াখালী জেলা। এর পরেই অবস্থান কুমিল্লার। একই সঙ্গে আয়ভিত্তিক বিশ্লেষণে উঠে এসেছে চমকপ্রদ তথ্য—তুলনামূলকভাবে ধনী শ্রেণির মানুষই ঘুষ দেওয়ার অভিজ্ঞতার কথা বেশি জানিয়েছেন।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর সর্বশেষ সিটিজেন পারসেপশন সার্ভে (সিপিএস) ২০২৫-এর চূড়ান্ত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে জরিপের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার।
বিবিএসের মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা বিভাগের সচিব এস এম শাকিল আখতার এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাসুদ রানা চৌধুরী।
জরিপ অনুযায়ী, গত ১২ মাসে যাঁরা সরকারি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেছেন, তাঁদের মধ্যে জাতীয়ভাবে গড়ে ৩১ দশমিক ৬৭ শতাংশ ঘুষ দেওয়ার অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তবে জেলা পর্যায়ে এই হার অনেক ক্ষেত্রে জাতীয় গড়ের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি।
জরিপে দেখা যায়, ঘুষ প্রদানের হারে শীর্ষে থাকা নোয়াখালীতে সরকারি কর্মকর্তার সঙ্গে যোগাযোগকারী নাগরিকদের ৫৭ দশমিক ১৭ শতাংশ ঘুষ দিয়েছেন। দ্বিতীয় অবস্থানে কুমিল্লা, যেখানে হার ৫৩ দশমিক ৪৭ শতাংশ।
এরপর ফরিদপুরে ৫১ দশমিক ৭০ শতাংশ, ভোলায় ৪৯ দশমিক ০১ শতাংশ এবং সিরাজগঞ্জে ৪৮ দশমিক ৩৭ শতাংশ। এসব জেলায় ঘুষ দেওয়ার হার জাতীয় গড়ের তুলনায় অনেক বেশি।
অন্যদিকে তুলনামূলকভাবে কম ঘুষ দেওয়ার তালিকায় সবচেয়ে নিচে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ, যেখানে হার ১০ দশমিক ৪৯ শতাংশ। এরপর মাগুরা (১৩ দশমিক ৯৮ শতাংশ), লালমনিরহাট (১৪ দশমিক ৫০ শতাংশ), গাজীপুর (১৫ দশমিক ২৪ শতাংশ) ও সিলেট (১৫ দশমিক ৬১ শতাংশ)।
আয়ভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে ধনী শ্রেণির ৩৫ দশমিক ১৬ শতাংশ মানুষ ঘুষ দেওয়ার অভিজ্ঞতার কথা জানিয়েছেন। সবচেয়ে দরিদ্র শ্রেণিতে এই হার ২৫ দশমিক ৯২ শতাংশ। মধ্যম আয়ের ক্ষেত্রে হার ৩২ দশমিক ২৪ শতাংশ এবং উচ্চ-মধ্যম আয়ে ৩৩ দশমিক ৬০ শতাংশ। অর্থাৎ আয় বাড়ার সঙ্গে সঙ্গে ঘুষ দেওয়ার প্রবণতাও বাড়ছে।
বিশ্লেষকেরা বলছেন, এই তথ্য প্রচলিত ধারণার সঙ্গে সাংঘর্ষিক। সাধারণভাবে ধারণা করা হয়, দরিদ্র জনগোষ্ঠীই বেশি ঘুষ দিতে বাধ্য হয়। তবে বিবিএসের জরিপ ইঙ্গিত দিচ্ছে, উচ্চ আয়ের মানুষ সরকারি কাজ দ্রুত করাতে বা সুবিধা নিশ্চিত করতে তুলনামূলকভাবে বেশি ঘুষ দিচ্ছে, অথবা তাদের কাছ থেকেই বেশি ঘুষ নেওয়া হচ্ছে। এতে বোঝা যাচ্ছে, দুর্নীতি শুধু দারিদ্র্যজনিত সমস্যা নয়, এটি একটি গভীর প্রাতিষ্ঠানিক ও আচরণগত সংকট।
বিবিএস জানিয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশের ৬৪ জেলার ৪৫ হাজার ৮৮৮টি খানা থেকে ১৮ বছর ও তদূর্ধ্ব বয়সী ৮৪ হাজার ৮০৭ জন নারী ও পুরুষ এই জরিপে অংশ নেন। নাগরিকদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গির ভিত্তিতে নিরাপত্তা, সুশাসন, সরকারি সেবার মান, দুর্নীতি, ন্যায়বিচারে প্রবেশাধিকার ও বৈষম্যসহ এসডিজি-১৬ এর ছয়টি লক্ষ্যের অগ্রগতি মূল্যায়নে এই জরিপ পরিচালিত হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC