
রাইজিং ডেস্ক
উজানের ঢল ও একটানা ভারি বৃষ্টির কারণে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজে পানি বিপৎসীমার ০.২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে। তিস্তা পাড়ের বাসিন্দারা এখন বন্যার আশঙ্কায় দিন কাটাচ্ছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাটই খুলে দেওয়া হয়েছে।
আজ, রোববার (৩ আগস্ট), সকাল ৯টায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড করা হয়েছে ৫২.১৭ সেন্টিমিটার, যা স্বাভাবিক স্তর ৫২.১৫ মিটারের চেয়ে ০.২ সেন্টিমিটার বেশি।
জানা গেছে, ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং লাগাতার বৃষ্টিপাতের কারণেই তিস্তার পানি দ্রুতগতিতে বাড়ছে। এর ফলে তিস্তার চর ও নিম্নাঞ্চলের বহু ফসলি জমি ইতিমধ্যেই ডুবে গেছে, যার মধ্যে আমন ধানের বীজতলাও রয়েছে। নদীর তীর ও চরাঞ্চলে বসবাসকারী মানুষজন এখন বন্যা এবং নদীভাঙনের আতঙ্কে ভুগছেন।
তিস্তার পানি বাড়ার কারণে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ৬টি ইউনিয়নের ৮-১০টি চর, পাটগ্রাম উপজেলার দহগ্রাম, আদিতমারী উপজেলার চর গোবর্ধন, মহিষখোঁচা এবং সদর উপজেলার খুনিয়াগাছ, রাজপুর ও গোকুন্ডা ইউনিয়নের চর ও নিম্নাঞ্চলগুলোতে পানি ঢুকতে শুরু করেছে।
এ বিষয়ে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, উজানের ঢলে তিস্তার পানি বেড়েছে। তিনি তিস্তার নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC