
রাইজিং স্পোর্টস

মাইক্রোফোন হাতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কাজ করার কথা থাকলেও শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠকের অধ্যায়। চলমান বিপিএল থেকে তাকে উপস্থাপনা প্যানেল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবর্তিত পরিস্থিতির কারণে রিধিমা পাঠককে আর বিপিএলের উপস্থাপনা প্যানেলে রাখা হচ্ছে না।
এবারের বিপিএলে উপস্থাপনা ও ধারাভাষ্য প্যানেলে ভিন্নতা আনার উদ্যোগ নেয় বিসিবি। উপস্থাপক হিসেবে পাকিস্তানের জনপ্রিয় মুখ জয়নব আব্বাসের সঙ্গে যুক্ত করা হয় ভারতের রিধিমা পাঠককে। পাশাপাশি ধারাভাষ্য প্যানেলে অন্তর্ভুক্ত করা হয় পাকিস্তানের সাবেক অধিনায়ক ও সাবেক পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা এবং ইংল্যান্ডের সাবেক পেসার ড্যারেন গফকে।
তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারত রাজনৈতিক ও ক্রীড়াঙ্গনের টানাপোড়েনের প্রেক্ষাপটে রিধিমা পাঠকের বিপিএল যাত্রার সমাপ্তি ঘটে।
গত ৩ জানুয়ারি ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়। এই সিদ্ধান্ত দুই দেশের ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় জরুরি সভা ডাকে বিসিবি। সভা শেষে নিরাপত্তা ইস্যু তুলে ধরে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে অপারগতার কথা জানিয়ে আইসিসিকে চিঠি পাঠানো হয়। একই সঙ্গে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে অন্য দেশে সরিয়ে নেওয়ার দাবিও জানানো হয়।
এর ধারাবাহিকতায় গত ৫ জানুয়ারি বাংলাদেশ সরকার দেশীয় অপারেটরদের মাধ্যমে আইপিএল সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করে। এ সিদ্ধান্ত ক্রিকেট ও কূটনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বিপিএলের উপস্থাপনা প্যানেল থেকে রিধিমা পাঠককে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC