
নিজস্ব প্রতিবেদক
বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী পাঠানোর উদ্যোগের অংশ হিসেবে প্রথম ধাপে ১১২ জন পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। দেশটির প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন বিএইচডিতে কাজের সুযোগ পাবেন নির্বাচিত কর্মীরা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক। তিনি জানান, ১০ হাজার কর্মী পাঠানোর লক্ষ্যমাত্রার বিপরীতে এখন পর্যন্ত ৫৬৮টি চাহিদাপত্র পাওয়া গেছে।
বোয়েসেল সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর ডিএইচএল সাপ্লাই চেইন থেকে কর্মী নিয়োগের চাহিদাপত্র পাওয়ার পর ৫ নভেম্বর অনলাইনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত এ নিয়োগের বিপরীতে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে।
পরবর্তী সময়ে স্বচ্ছতা নিশ্চিত করতে অনলাইন লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থী বাছাই করা হয়। এর মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার পদে ১০০ জন রয়েছেন।
প্রাথমিকভাবে বাছাই করা এসব প্রার্থীর মধ্য থেকে দক্ষতা, ব্যবহারিক সক্ষমতা ও পদের উপযোগিতা যাচাই করে ১১২ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে মালয়েশিয়া থেকে আসা নয় সদস্যের একটি প্রতিনিধি দল ১২ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকার গ্রহণ করবে। নিয়োগকর্তারাই চূড়ান্ত প্রার্থী নির্বাচন করবেন।
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক জানান, পুরো নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে শূন্য অভিবাসন ব্যয়ে। নির্বাচিত কর্মীদের বিদেশে যাওয়া-সংক্রান্ত সরকার নির্ধারিত সব ব্যয় বহন করবে মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠান। এ প্রক্রিয়ায় বোয়েসেল কোনো ধরনের সার্ভিস চার্জ নেবে না।
তিনি আরও জানান, নিয়োগের নামে কোনো দালাল বা মধ্যস্বত্বভোগী অর্থ দাবি করলে কিংবা কোনো প্রার্থী অনৈতিক আর্থিক লেনদেনে জড়ালে প্রমাণ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ কারণে প্রার্থীদের এ ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
রাশেদুল হক বলেন, অর্থের অভাবে যেন কোনো যোগ্য ও কর্মক্ষম মানুষ বিদেশে কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত না হন, সেটিই এ উদ্যোগের মূল লক্ষ্য। স্বচ্ছ ও শূন্য অভিবাসন ব্যয়ের মাধ্যমে বাংলাদেশি কর্মীদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতেই এ কার্যক্রম নেওয়া হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC