
রাইজিং কুমিল্লা ডেস্ক
সরকারি দফতরে সাধারণ মানুষের প্রবেশ সহজ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কুমিল্লার বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি। তাঁর কার্যালয়ের দরজায় টাঙানো হয়েছে ‘বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ প্রবেশ করুন’ লেখা একটি বার্তা। এর মাধ্যমে সেবাপ্রত্যাশীদের জন্য নিজের কার্যালয়ের দরজা উন্মুক্ত রাখার ঘোষণা দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রবেশপথে নেমপ্লেটের পাশে এমন বার্তা দেখা যায়। সেখানে লেখা রয়েছে, ‘অফিসে প্রবেশের জন্য অনুমতির প্রয়োজন নেই, জুতাসহ প্রবেশ করুন।’ অর্থাৎ ইউএনওর কক্ষে প্রবেশের আগে কাউকে আলাদা করে অনুমতি নিতে হবে না কিংবা জুতা খুলে বাইরে রাখার প্রয়োজন নেই।
উপজেলা প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যকার দূরত্ব কমানো এবং সেবাপ্রত্যাশীরা যেন কোনো ধরনের সংকোচ ছাড়াই সরাসরি ইউএনওর সঙ্গে কথা বলতে পারেন, সেই লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ছোট্ট এই বার্তার মধ্য দিয়ে সরকারি দফতরকে সাধারণ মানুষের জন্য আরও উন্মুক্ত ও জনবান্ধব করার প্রত্যয় ফুটে উঠেছে।
স্থানীয় বাসিন্দা রাকিবুল ইসলাম বলেন, অনেক সময় সরকারি কর্মকর্তাদের কাছে সহজে পৌঁছাতে না পেরে সাধারণ মানুষ প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হন। আবার কেউ কেউ বাধ্য হয়ে দালালের দ্বারস্থ হন এবং নানা ধরনের ভোগান্তিতে পড়েন। বরুড়া ইউএনওর কার্যালয়ের এমন উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে প্রশাসনের প্রতি আস্থা বাড়াতে সহায়ক হবে।
শওকত আলী নামে আরেক স্থানীয় বাসিন্দা বলেন, ‘এটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। সরকারি অফিসে শৃঙ্খলা, নিয়মনীতি ও সৌজন্যবোধ বজায় রেখে এমন নির্দেশনা দেওয়া সত্যিই প্রশংসার দাবি রাখে। ইউএনও মহোদয়ের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও শুভকামনা। আল্লাহ তাঁকে জনসেবায় আরও অবদান রাখার তৌফিক দিন।’
স্থানীয়দের মতে, সরকারি দফতরে সাধারণ মানুষের অবাধ ও সহজ প্রবেশাধিকার নিশ্চিত করা গেলে সেবাপ্রাপ্তির ক্ষেত্রে ভোগান্তি অনেকটাই কমবে। পাশাপাশি প্রশাসনের সঙ্গে জনগণের সরাসরি যোগাযোগ বাড়বে এবং সরকারি কর্মকর্তাদের প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে।
এ বিষয়ে বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি বলেন, সরকারি দফতর মানুষের সেবা দেওয়ার জন্য। সেবাপ্রত্যাশীরা যেন কোনো সংকোচ বা দ্বিধা ছাড়াই তাঁদের প্রয়োজনের কথা জানাতে পারেন, সে জন্যই কার্যালয়ের সামনে এ বার্তা দেওয়া হয়েছে।
তিনি বলেন, তাঁর কক্ষে আসতে আলাদা অনুমতির প্রয়োজন নেই, এমনকি জুতা খুলেও প্রবেশ করতে হবে না। সবাই যেন সহজে প্রশাসনের কাছে এসে নিজেদের সমস্যার কথা জানাতে এবং প্রয়োজনীয় সেবা নিতে পারেন, এটাই তাঁর প্রত্যাশা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC